চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিমপাতার রস খেলেই নাকি করোনা ভাইরাসের আক্রমণ থেকে মিলবে মুক্তি। এমনটাই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার রাজ্য বিজেপির সদর দফতর মুরলী ধর সেন লেনের পার্টি অফিসে একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেছেন, “পিৎজা, বার্গার, পাস্তা যারা খান তারাই বেশি আক্রান্ত হয়েছেন। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান।” দিলীপ আরও বলেন, “বিমান পরিষেবা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। বিদেশে থাকা এদেশের নাগরিকদের সেখানে ফেলে রাখতে পারি না। যারা একথা বলছেন তাদের আমলাই তো আদরের ছেলেকে পায়ের তলা দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এসেছেন।’
দিলীপ ঘোষের বক্তব্য, “আমি একটা মনসা পুজোতে গিয়ে বলেছিলাম, নিমের রস, থানকুনির রস খেয়ে আমরা বড় হয়েছি। এটা ভারতীয় সংস্কৃতি, পরম্পরা। এটা খাওয়াতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এখানে করোনার প্রকোপ কম। ফ্লু, পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা মোকাবিলা করে এসেছি। এখুনি আমি বলব একটা কথা, যেটা নিয়ে এখুনি সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি শুরু হয়ে যাবে।” সঙ্গে তাঁর আরও মন্তব্য, “পুরাণে ভাইরাসের কথা বলা হয়েছে। শনির যে বছর প্রকোপ বাড়ে তখন এধরনের মহামারি হয়। দুমাস এর প্রকোপ বেশি থাকবে। তিন-চার মাসের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ২৫ মার্চ প্রকোপ সবচেয়ে বেশি হবে। আমরা প্রাকৃতিক চিকিৎসায় দীর্ঘদিন বিশ্বাস করে এসেছি। টোটকা, জরিবুটি খেয়ে যারা বিশ্বাস করেছে তাঁরা সুস্থ আছে। আমরা সিজন অনুযায়ী খাবার বদলাই। এখন গরম পড়ছে নিমপাতা, নিমফুল ভেজে খাব। অতি আধুনিক হতে গিয়ে ছেলে-মেয়েদের সর্বনাশ করবেন না।”
গোমূত্রের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিশ্বাস করে মরা ভাল অবিশ্বাস করে বাঁচার চেয়ে। প্রতিষেধক বলে মনে হলে অবশ্যই খাওয়া উচিত। কে বলল গোমূত্র খেয়ে অসুস্থ হয়েছে। বিদেশে রপ্তানি হচ্ছে, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আমিও তো বলছি বাঁচতে কেউ চাইলে খাবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কারফিউ প্রসঙ্গে দিলীপ বলেছেন, “শঙ্খধ্বনি জীবাণুমুক্ত করে। ভূমিকম্প হলে শাঁখ বাজিয়ে সতর্ক করা হয়। বিপদে সতর্ক করতে শাঁখ বাজানো হয়। আবার বাড়িতে অতিথি এলে আমরা শাঁখ বাজাই। কাল প্রধানমন্ত্রী যা বলেছেন, বাড়িতে শঙ্খধ্বনি, ঘন্টাধ্বনি, উলুধ্বনি দিন।” রবিবার নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বড় শাঁখ বাজাবেন বলেও জানান বিজেপি সভাপতি।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news