ওয়েব ডেস্ক:
পোষা সিংহের থাবায় নিহত মণিব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রে। প্রজননের জন্য ৯ বছর বয়সী ওই সিংহ ও একটি সিংহীকে পুষছিলেন মিশাল প্রাসেক নামের এক ব্যক্তি। ঘটনার দিন প্রাসেকের বাবা আচমকাই সিংহের জন্য নির্দিষ্ট খাঁচাটির ভেতরে ছেলের নিথর দেহ দেখতে পান। আরও জানা গিয়েছে, খাঁচাটি ভেতর থেকে বন্ধ ছিল। খাঁচা বন্ধ থাকায় মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।
এদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশাপাশি খাঁচায় থাকা অন্য সিংহগুলোকে গুলি করে হত্যা করে তারা। চেক প্রজাতন্ত্রের পূর্বঞ্চল পুলিশের মুখপাত্র জানান, মরদেহের কাছে পৌঁছতে তাদের সিংহগুলোকে হত্যা করতেই হতো।
সূত্রের খবর, ৩৩ বছর বয়সী মিশেল প্রাসেক ২০১৬ সালে সিংহটি কেনেন। সিংহীটিকে কেনেন গত বছর। যদেচভ গ্রামে নিজের বাসার পেছনে স্থানীয় পদ্ধতিতে বানানো খাঁচায় সিংহগুলোকে রেখেছিলেন তিনি। যদিও প্রশাসন সে সময় খাঁচা বানানোর অনুমতি দেয়নি। এরমাঝে অবৈধভাবে বন্যপ্রাণী প্রজননের দায়ে তাঁকে জরিমানাও করা হয়।
যদিও এরপরও পাসেক নিরস্ত হননি। গত বছর প্রাসেকের বিষয়টি সেখানকার পত্রপত্রিকায় প্রথমবার উঠে আসে। সিংহীর গলায় দড়ি পরিয়ে হাঁটাচ্ছিলেন পাসেক, সে সময় একজন সাইক্লিস্টের সঙ্গে ওই সিংহীর ধাক্কা লাগে। জানা গিয়েছে, ঘটনাটিকে ট্রাফিক ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করা হয়।
মিশেল প্রাসেকের মৃত্যুর পর যদেচভের মেয়র আশা প্রকাশ করেন, এই ঘটনার পর হয়তো মানুষ সমঝে চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news