নীল রায়।
ভোট গুরু প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত “দিদিকে বলো” উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার প্রকাশ্যে এল কার্টুন! শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি বিশেষ ধরনের কার্টুন। যেখানে একজন গ্রামীণ কৃষক “দিদিকে বলো” হেল্পলাইন নম্বরে ফোন করতে দেখা যাচ্ছে। ফোন পাওয়া মাত্রই তা পৌঁছে যাচ্ছে একজন আইটি কর্মীর কাছে। সেই আইটি কর্মী মারফৎ চটজলদি বিষয়টি জানতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিষয়টিকে এভাবেই সাজানো হয়েছে।
গত ২৯ জুলাই নজরুল মঞ্চে একটি হেল্পলাইন নম্বর দিয়ে “দিদিকে বলো” প্রকল্প চালু করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক দাবি করেছে, মাত্র কয়েক দিনের প্রচেষ্টা তারা ৩ লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে “দিদিকে বলো” উদ্যোগ! তার বিনিময়ে অবশ্য সিপিএম, কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে শুনতে হয়েছে নানা টিপ্পনীও। কিন্তু দমে না গিয়ে প্রশান্ত কিশোরের সংস্থার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে আরও বেশি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য নানা প্রয়াস শুরু করেছেন।
আইপ্যাক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে “দিদিকে বলো”-কে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এই ধরনের কার্টুনের ব্যবহার। তাদের কথায়, এই তো সবে শুরু! “দিদিকে বলো” নিয়ে এখনও ২০ মাস চলতে হবে। তাই আগামী দিনে এমন চমক আরও অপেক্ষা করছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news