পার্থসারথি পাণ্ডা
বসন্ত এসে গেছে। তাই এখন শিমূলের ডাল ফুলে ফুলে লাল, পলাশের শাখা ফুলে ফুলে লাল। ঝিরি ঝিরি বাতাস গুনগুনিয়ে সুর তুলেছে, ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে’। তবে যার ইচ্ছেবলে এই বসন্ত ঋতুর জন্ম হয়েছিল, তিনি হলেন কামনার দেবতা মদনদেব।
বৃত্রাসুর একসময় এমন অত্যাচারী হয়ে উঠেছিল যে, তার অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন। দেবতারা বুঝলেন এই অসুরকে বধ না করতে পারলে কিছুতেই তাঁদের মুক্তি নেই। কিন্তু তাকে বধ করা বড় কঠিন কাজ।
কারণ, ব্রহ্মার বরে তাকে বধ করতে পারবেন একমাত্র মহাদেবের ঔরসজাতপুত্র। অথচ এদিকে মহাদেবের তো সংসারে একেবারেই মন নেই, বিয়েরও কোন ইচ্ছে নেই, দিনরাত যোগসমাধিতেই মগ্ন থাকেন। কিন্তু তিনি বিয়ে না করলে পুত্র হবে কোথা থেকে? পুত্র না হলে দেবতারা মুক্তি পাবেন কেমন করে? দেবতারা পড়লেন মহা আতান্তরে। তখন তাঁরা শরণাপন্ন হলেন ব্রহ্মদেবের। ব্রহ্মা আর উপায় না দেখে মদনদেবকে আদেশ দিলেন শিবের ওপর মদনবাণ প্রয়োগ করতে।
তখন রতিদেবীকে সঙ্গে নিয়ে মদনদেব শিবের মনে কামনা জাগানোর উপযোগী আবহ রচনা করতে বসন্ত ঋতুর সৃজন করলেন। তাঁর আবাহনে ধরায় মলয় বাতাস বইল, গাছে গাছে নতুন পাতা মুকুলিত হল, শাখায় শাখায় পুষ্প মঞ্জরী এল। কোকিল পঞ্চমে গেয়ে উঠল গান। প্রকৃতির এই আবহে মহাদেবকে লক্ষ্য করে শর নিক্ষেপ করলেন মদনদেব। শরাঘাতে ধ্যানভঙ্গ হল মহাদেবের, অসময়ে ধ্যান ভেঙে অসম্ভব ক্রোধ হল তাঁর। সেই ক্রোধের আগুন নির্গত হল তার তৃতীয় নয়ন দিয়ে। সেই আগুনে ছাই হয়ে গেলেন কামদেব। কিন্তু তাঁর কামশর যেহেতু মহাদেবকে ছুঁয়েছে, সেহেতু মহাদেবের মনে জাগল প্রবল কামনা। এবার তাঁর বিবাহের বাসনা হল। তখন দেবতারা হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে ঘটা করে তাঁর বিয়ে দিলেন। এবার শিব পার্বতীর পুত্র কার্তিকেয়র জন্ম হল। এই কার্তিকেয়ই বৃত্রাসুরকে বধ করে ত্রিলোকে শান্তি প্রতিষ্ঠা করলেন।
মদনদেব নিজের জীবন উৎসর্গ করে পার্বতীকে শিবের মতো বর জুটিয়ে দিয়েছিলেন বলে প্রাচীনকালে কুমারী মেয়েরা বিয়ের আগে এই বসন্তের সূচনায় মদনদেবের পুজো করতেন। এই পুজো উপলক্ষ্যে যে উৎসব হত তাকে বলা হত, ‘মদনোৎসব’। এই যে নিজের জীবন উৎসর্গ করে মদনদেব ধরায় বসন্তের সূচনা করে পার্বতীকে মহাদেবের মতো স্বামী পাবার সুযোগ করে দিলেন। তাই এসময় কুমারীরা প্রাচীন কালে মদন পুজো করতেন। সেই উৎসবের নাম ছিল, ‘মদনোৎসব’। তারপর ধীরে ধীরে এই উৎসব বসন্তের রঙে রঙিন হল, হয়ে উঠল, ‘বসন্ত উৎসব’।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news