নিজস্ব সংবাদদাতা :
মনোনয়নের পঞ্চম দিনেও ব্যাপক গণ্ডগোল আরামবাগে। এদিন দফায় দফায় মারধর,পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল এলাকা জুড়ে। অথচ গোটা আরামবাগ জুড়েই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূলের লোকজন। সিপিএমের নেতা খন্দকার জাহাঙ্গীরকে মারা হয়।তিনি জোনাল পার্টি অফিসে আসছিলেন। পার্টি অফিসে ঢোকার মুখেই তাঁর ওপর হামলা করে তৃণমূলের লোকজন। এমনটাই অভিযোগ। তাকে এলাকা ছাড়া করা হয়। এরপরেই তপন মুখোপাধ্যায়, তরুণ রায়কে মারধর করা হয়।এর পরে বেলা দেড়টা নাগাদ সিপিএমের আরামবাগ ১নং এরিয়া কমিটির সদস্য সুদীপ্ত পোদ্দার কে আরামবাগ জোনাল পার্টি অফিসে ঢোকার সময়ে টেনে নিয়ে এসে অফিসের সামনেই মারধর করা হয়। প্রায় দশ মিনিট ধরে তাঁকে এলোপাথাড়ি চড়, কিল, ঘুঁসি মারতেই থাকে আক্রমণকারীরা।সিপিএমের অঞ্চল কমিটির সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমরা এদিন মনোনয়নের জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু সকাল থেকেই তৃণমূলের লোকজনেরা আমাদের নজরবন্দি করে রাখে।আমরা মনোনয়ন জমা দিতে পারলাম না। আমরা পুলিশকে জানিয়েছিলাম। অনেক পরে পুলিশ আসে।” যদিও তৃণমূলের আরামবাগ ব্লক কার্যকারী সভাপতি শেখ আব্দুল সেলিম বলেন, “কোনও গণ্ডগোল হয়নি। সর্বত্র পুলিশ ছিল। আসলে সিপিএম নিজেরাই প্রার্থী খুঁজে পায়নি।”
অন্য দিকে বিজেপির আরামবাগ মণ্ডল কমিটির পার্টি অফিসেও হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। শুক্রবার বেলায় আরামবাগের দৌলতপুরে অবস্থিত এই পার্টি অফিস ভাঙচুর চালায় তারা। এই ক্ষেত্রেও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির নেতৃত্ব বলেছেন, তৃণমূল ক্ষেপে গেছে। ওরা জেনে গেছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই ওরা ক্রমশই হিংস্র হয়ে উঠছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news