চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর (Covaxin) তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ‘হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল’-এর তৎপরতা শুরু হয়েছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (AIMS) এই তৃতীয় দফার ট্রায়াল হচ্ছে। ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এলা জুলাই মাসের গোড়ায় জানিয়েছিলেন, দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV)-র সহযোগিতায় ভারতে প্রথম করোনা টিকা তৈরি করেছেন তাঁরা। সফল প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালও হয়ে গিয়েছে।
বিশ্বজুড়ে ৪০টির বেশি সংস্থা এখন মানবদেহে সম্ভাব্য করোনা টিকা পরীক্ষার কাজ চালাচ্ছে। ভারতে করোনা টিকা প্রস্তুত করতে অন্তত ৭টি গবেষণা চলছে। ভারত বায়োটেক ছাড়াও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স অ্যান্ড বায়োলজিক্যাল-ই-র মতো সংস্থা এই উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসেই আত্মপ্রকাশ করবে করোনা ভাইরাসের টিকা। তবে তা সাধারণ মানুষের কাছে পৌঁছোতে অনেকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। কারণ টিকা আবিষ্কার হলে আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, পুলিশ প্রশাসন ও সামরিক বাহিনীর সদস্যদের তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এদের পরেই থাকবেন বর্ষিয়ান তথা প্রবীণ নাগরিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news