চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ায় খবর শোনার পর সোমবার গভীর রাতে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল তাঁর বাড়ির সামনেই গাছের সঙ্গে। মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ধারণা, করোনার রিপোর্ট পজিটিভ আসার পরেই আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেবিএম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যায় ,মৃত ওই ব্যবসায়ীর নাম দিলীপ বিশ্বাস (৬২) । তাঁর বাড়ি ওই এলাকাতেই।পেশায় তিনি ছিলেন একজন মাছ ব্যবসায়ী। সাইকেলে করে ঘুরে ঘুরে তিনি মাছ বিক্রি করতেন । কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন তিনি ।
সোমবার ছেলের সঙ্গে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে নিজের করোনা টেস্ট করান । সন্ধ্যে নাগাদ গিয়ে দিলীপ বিশ্বাসের ছেলে টেস্টের রিপোর্ট নিয়ে আসেন । দেখা যায়, তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ । পরিবারের লোকজনের বক্তব্য, “এরপর থেকেই তিনি চিন্তাগ্রস্থ হয়ে পড়েন । বারবারই বলতে থাকেন, তোমাদের কী হবে। আমি বোধহয় আর বাঁচবো না । এরপর রাত দেড়টা নাগাদ তিনি হঠাৎই বাড়ির কাউকে কিছু না বলে খালি পায়ে ঘর থেকে বেরিয়ে যান । বাড়ির লোকজন দিলীপ বিশ্বাসের খোঁজ করতে থাকেন । কিছুক্ষণ পরেই বাড়ির সামনে আম গাছের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ওই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন । তাদের অভিযোগ, ‘মঙ্গলবার সকাল হয়ে যাওয়ার পর বারবার তারা চাকদহ থানার পুলিশকে ফোন করে জানান, মৃতদেহ নিয়ে যেতে । অথচ পুলিশ কিছুতেই মৃতদেহ সঠিক সময় নিতে আসেনি । ফলে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়া স্বাভাবিক।’
যদিও মঙ্গলবার সকাল দশটা নাগাদ চাকদহ থানার পুলিশের উদ্যোগে মৃতদেহ নিয়ে যাওয়া হয় কল্যানীর পুলিশ মর্গে । ওই ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের করোনা টেস্ট করানো হবে । আপাতত তারা থাকবেন হোম কোয়ারেন্টাইনে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news