চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা বায়ুবাহিত রোগ, তাই ছড়াতে পারে লরির চাকা দিয়েও। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রামে চেন্নাই, মুম্বই থেকে লরি আসে। তাই অক্টোবর মাসটা সাবধানে থাকতে হবে ঝাড়গ্রামকে। বাজারের থলে থেকে যদি করোনা ছড়াতে পারে, তবে লরির চাকা থেকেই বা ভাইরাস ছড়াতে পারবে না কেন?” ঝাড়গ্রামের কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে আগে এই জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা কম থাকলেও অগস্ট মাস থেকে সংখ্যা বাড়ছে। বর্তমানে এই জেলায় ১৮৭ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করেন বাইরের রাজ্য থেকে আসা লরিই এর জন্য দায়ী।
রাজ্যে করোনার (Coronavirus) গোষ্ঠী সংক্রমণ হয়েছে দিনকয়েক আগে তা আরও একবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের এদিনের বৈঠক চলাকালীন করোনা ভাইরাসকে বায়ুবাহিত বলেও দাবি করলেন তিনি। এছাড়া কালীঘাটে তাঁর নিজের পাড়ায় করোনা সংক্রমণের প্রসঙ্গকেও উদাহরণ হিসাবে খাড়া করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর পাড়ার মাত্র একটা পরিবারের মাধ্যমে কমপক্ষে ৩৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। কোভিড মোকাবিলায় ওই জায়গায় যান নিয়ন্ত্রণ করেন। তার ফলে কোভিড সংক্রমণ কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীকে যিনি চা করে দেন, তিনিও করোনার সঙ্গে লড়াই করছেন বলেও আরও একবার জানান মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর নিদান দিয়ে বলেন, “ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক পরতেই হবে।” উৎসব থাকলেও কোভিডবিধি না মেনে এক পা-ও চলা যাবে না”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news