চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উৎকন্ঠা বাড়িয়ে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ দাপট বাড়াচ্ছে কলকাতা ও হাওড়ার শহরাঞ্চলে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৬ এবং হাওড়ায় ৩৬২ জন। রাজ্যের মোট আক্রান্তের মধ্যে ৬৪ শতাংশই এই দুই জেলা থেকেই। এই দুই জেলা থেকেই যে অধিকাংশ মানুষ সংক্রামিত হচ্ছে তা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্য ভবন।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখন কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫৫০টি। গত ৮ দিনে রাজ্যে ১০০-র বেশি কন্টেনমেন্ট জোন বেড়েছে। এই অতি স্পর্শকাতর ৫৫০টি এলাকার মধ্যে ৩১৯টি কলকাতার, হাওড়ার ৭৬টি। গত ৪ দিনে ৩৪টি কন্টেইনমেন্ট জোন বেড়েছে। সপ্তাহের শুরুতে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৫১৬টি। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, রাজ্যে এখন কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৫৫০টি।
কিন্তু, গত কয়েক দিনে কলকাতার সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনে। এই ৩১৯টি কন্টেইনমেন্ট জোন ১৪৪টি ওয়ার্ডে। কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, রাজাবাজার, গার্ডেনরিচ, তপসিয়া, মেটিয়াবুরুজের মতো এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে। দক্ষিণ পশ্চিম জোনেও দাপট বাড়িয়েছে করোনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news