চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার মানুষ, মারা গিয়েছেন ১২০০-র বেশি। গ্রাফ এভাবে বসে থাকলে আগামী কয়েক দিনেই দৈনিক সংক্রমণ এক লাখে পৌঁছে যাবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৬,৫৫১ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১,২০৯ জনের। এ নিয়ে দেশে মোট ৭৬,২৭১ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮,২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৬,৯৩৭। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪,৬৬৬। অন্ধ্রপ্রদেশে ৪,৭০২, উত্তরপ্রদেশ ৪,২০৬, পশ্চিমবঙ্গ ৩,৭৭১, ও গুজরাত ৩,১৬৪ মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পাঞ্জাবে মোট মৃত্যু দু’হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশ ১,৬৬১ ও রাজস্থানেও ১,১৯২ মোট মৃত্যু বেড়ে চলেছে। তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, পণ্ডিচেরী ও ত্রিপুরার মতো রাজ্যগুলি।
পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা ভাইরাসের সংক্রমণ বেশ কিছু দিন ধরে তিন হাজারের নীচে ছিল। গত কয়েক দিন তা আবার তিন হাজার পেরিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩,১১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১ লক্ষ ৯৩ হাজার ১৭৫ জন। এর মধ্যে ১ লক্ষ ৬৬ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। করোনার কবলে এ রাজ্যে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৩,৭৭১ জন। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণ হার ৮.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৬৩ হাজার ৫৪২ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news