চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়-সহ তিন জনের। শুক্রবার সকালে হুগলির দাদপুরে হোদলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই পুলিশ আধিকারিকের। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা হলেও এখন শিলিগড়ির ডাবগ্রামে পোস্টেড ছিলেন দেবশ্রী। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ ও গাড়ির চালক মনোজ সাহার। সকাল সাড়ে ৬’টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা ১২ চাকার একটি বালির লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দেবশ্রীর স্করপিও গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।
দুর্ঘটনার পরে আহত তিন জনকেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাদপুর থানার পুলিশ। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিংসকরা। দেবশ্রী চট্টোপাধ্যায়ের (Debashree Chatterjee) এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। বৃহস্পতিবার রাতে সড়কপথে ডাবগ্রাম থেকে নিজের কলকাতা বেহালা পর্ণশ্রীর বাড়িতে ফিরছিলেন ওই মহিলা পুলিশ আধিকারিক। কিন্তু বাড়ি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই পথেই শেষ হয়ে গেল তাঁর জীবন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news