নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসে প্রায় ৯৪ হাজার মানুষ আক্রান্ত। চিনের পর রোগ ছড়িয়েছে ইতালি, ইরান সহ আরও বেশ কিছু দেশে। ভারতেও এই রোগে আক্রান্তের সংখ্যা ২৮। রোগীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক আর গুজব। ভুল তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে আরও। এবার গুজবে রাশ টানতে উদ্যোগী হল গুগল। এই সংস্থা অ্যানড্রয়েড ফোনে তাদের প্লে স্টোর অ্যাপ এবং প্লে ডট গুগল ডট কম-এর সার্চ রেজাল্ট থেকে করোনাভাইরাস এবং কোভিড-১৯ এই শব্দদুটি সরিয়ে নিল। এবার এই শব্দে কেউ সার্চ দিলে দেখা যাবে ,’নো রেজাল্ট ফাউন্ড’।
কিন্তু নাইন টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী কেউ যদি নির্দিষ্ট সার্চ না দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত খবর জানতে চায় তাহলে গুগল প্লে স্টোরে তা পাওয়া যাবে। হাইফেন না দিয়ে কোভিড১৯ লিখলেও কিছু কিছু সার্চ রেজাল্ট আসবে। গুগলের এই উদ্যোগ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ব্যবহারকারীদের মধ্যে। কেউ কেউ যেমন ভুয়ো খবর আটকাতে গুগলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, অনেকে তেমনি এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন।
প্লে স্টোরে খবরের বহু অ্যাপ পাওয়া যায়। বলা বাহুল্য এতে করোনাভাইরাসের তথ্যনিষ্ঠ খবর থাকে । কিন্তু এই শব্দ দিয়ে সার্চ দিলে কোনও রেজাল্ট যদি না আসে তাহলে এই রোগের সঠিক খবর থেকে বঞ্চিত হবেন মানুষ। তাতে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news