নিজস্ব প্রতিনিধি।
সংসদে যাওয়ার পথে আটকে দেওয়া হল কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কংগ্রেসের অভিযোগ, সংসদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। নির্দেশে বলা হয়, সাংসদের গাড়িতে যে স্টিকার সাঁটানো আছে তা অবৈধ। সংসদে ঢোকার আগে রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। ফলে বাকি রাস্তা হেঁটে সংসদে পৌঁছতে হয় বহরমপুরের সাংসদকে। এ নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন তিনি।
বৃহস্পতিবার অধিবেশনে বিরতির পর দুপুর পৌনে ২টো নাগাদ অধীর চৌধুরী সংসদে যাচ্ছিলেন। সেইসময় রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেয় দিল্লি পুলিশ। জানায়, গাড়ি সংসদে যেতে দেওয়া যাবে না। কারণ প্রসঙ্গে বলা হয়, ‘গাড়িতে সাঁটানো স্টিকার অবৈধ। ২০২০-র স্টিকার চাই।’ সেইসময় গাড়িতেই ছিলেন অধীর। তিনি জানান, ২০১৯ সালের ‘valid MP’-র স্টিকারও লাগানো ছিল। লোকসভার নোটিফিকেশন রয়েছে, ‘২০১৯ সালের স্টিকার ৩১ মার্চ, ২০২০ অবধি বৈধ।’ ফলে সাংসদকে রাজীব চকে নেমে হেঁটে সংসদে পৌঁছতে হয়।
সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন অধীর চৌধুরি। অন্যদিকে, সংসদে বিক্ষোভ দেখানোয় সাতজন কংগ্রেস সাংসদকে বরখাস্ত করা হয়। চলতি এই অধিবেশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়। বৃহস্পতিবার লোকসভা কাজ অসমাপ্ত রেখেই বেরিয়ে যান লোকসভার স্পিকার ওম বিড়লা। সাংসদরা কক্ষের নিয়ম বিরোধী আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news