সায়ন্তনী সেনগুপ্ত :
করোনার ভয়ে বিদেশ থেকে ফিরলে সমস্ত বিমান যাত্রীদের কোয়ারানটিন বাধ্যতমূলক করা হয়েছিল। কিন্তু দেখা গেল সমাজের প্রভাবশালী এবং ধনী পরিবারগুলি স্রেফ বুড়ো আঙুল দেখাচ্ছে সেই নিয়মকে। বাদ নেই সেলেবরাও। নবান্নের উচ্চপদস্থ আমলা এবং তাঁর পুত্রের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জনস্বার্থ এবং জনচেতনার বিচারে কতটা পিছিয়ে আছে শহর। রোগ ছড়ানোর ক্ষেত্রে এই বাহকরাই সংক্রমণের তৃতীয় স্টেজে নিয়ে যেতে পারে করোনাকে, এ কথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। মাতা -পুত্রের সবর্ত্র ঘোরাঘুরিতে আতঙ্ক ছড়ায় নবান্নেও। রীতিমত ভীত হয়ে পড়েন সাধারণ মানুষও। এর প্রতিকার কিন্তু রয়েছে সাধারণ মানুষের হাতেই। আইনজীবীরা জানাচ্ছেন, কোনও ব্যক্তি যদি এ ধরণের কাজ করে এবং তা যদি সাধারণ মানুষের চোখে পড়ে, তাহলে পুলিশকে খবর দিতে হবে। বিদেশ ফেরত ব্যক্তিকে বলপূর্বক কোয়ারানটিনে নিয়ে যাওয়ার অধিকার পুলিশের আছে। বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এই বিষয়ে জানান, রাজ্যে লাগু মহামারী আইন অনুযায়ী করোনা সংক্রান্ত বিভিন্ন নোডাল অফিসারকে বিশেষ ক্ষমতা দেওয়া রয়েছে। বিদেশ থেকে আসার পর কোনও ব্যক্তি যদি নিয়ম মেনে আইসোলেসনে না থাকেন, তাঁদের যদি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়, তাহলে স্থানীয় মানুষ পুলিশকে খবর দিতে পারেন। পুলিশ নোডাল অফিসারের অনুমতিতে ওই ব্যক্তিকে বাধ্যতামূলক কোয়ারানটিনে পাঠাবে।সেই ব্যক্তি যদি জনস্বাস্থ্য হানিকারক কাজ করেন তাহলে মহামারী আইনের বলে তাঁর জেল এবং জরিমানাও হতে পারে। শুক্রবার কলকাতায় আরও এক করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তিনিও ইংলন্ড থেকে ফিরেছেন কিছুদিন আগে। তাঁর সম্পর্কেও একই অভিযোগ উঠেছে যে তিনি তাঁর এলাকায় ঘোরাঘুরি করছিলেন কোয়ারানটিনে না থেকে। দুই রাজ্যে এই যুবকের সহযাত্রী দুই ব্যক্তিও আক্রান্ত হন। তাঁদের খবর শুনে যুবক নিজের পরীক্ষা করতে রাজি হলে জানা যায় তিনিও আক্রান্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news