চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
হাইড্রক্সিক্লোরোকুইন (Hydrochloroquine) প্রয়োগ বন্ধ করল ‘হু’। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে জানানো হয়েছে, করোনা ভাইরাসে (Coronavirus) রোগীদের ওপর ম্যালেরিয়ার ওই প্রতিষেধক পরীক্ষা করার বিষয়টি স্থগিত রাখছে তারা। হু-এর মতে, যে সব কোভিড ১৯ রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়েছে তাঁদের মৃত্যুর হার বেশি। করোনার দাওয়াই হিসাবে শুরু থেকেই হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সওয়াল করে আসছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত রবিবার এক মার্কিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘সদ্য ওষুধের কোর্স শেষ করলাম। দেখতেই পাচ্ছেন, আমি এখনও এখানেই রয়েছি। আমি এই ওষুধটি সম্পর্কে অসাধারণ তথ্য পেয়েছি। অনেকেই মনে করেন, এই ওষুধটা তাঁদের জীবন বাঁচিয়েছে। চিকিৎসকরাও সেই সব রিপোর্ট তুলে ধরছেন। ফ্রান্স ও ইটালিতে অবিশ্বাস্য পরীক্ষা হয়েছে।’’ অথচ করোনা ভাইরাসের সংক্রমণের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সবুজ সঙ্কেত দেয়নি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।
হু-এর (WHO) প্রধান টেডরস অ্যাডহ্যানম ঘেব্রেসিয়াস জানিয়ে দেন, যাঁরা হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন তাঁদের জীবনের ঝুঁকি বেশি এবং হৃদযন্ত্রে সমস্যা তৈরি হওয়ার আঙ্কাও রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপর রেমডেসিভির নিয়ে পরীক্ষা চলবে বলে জানিয়ে দিয়েছেন টেডরস অ্যাডহ্যানম ঘেব্রেসিয়াস (Tedros Ghebras)। কিন্তু, এসব নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে জরো সওয়াল করে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই পথে হু-এর নিষেধাজ্ঞাকে ফুৎকারে উড়িয়ে তা ব্যবহার করতে বলেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বালসানারো (Jire Balsanaro)।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ”আমরা এ নিয়ে নিজেদের সিদ্ধান্ত বা গাইডলাইন বদলাচ্ছি না। যেমন চলছিল, তেমনই চলবে।” সূত্রের খবর, এ নিয়ে ব্রাজিল প্রশাসনের অন্দরমহলে ইতিমধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সদ্য পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেককে নাকি রাষ্ট্রপতি জাইর বলসোনারো চাপ দিয়েছিলেন হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার জারি রাখতে। তিনি তাতে রাজি না হয়ে পদত্যাগ করেছেন। সোমবার, ঠিক এরপরই স্বাস্থ্যমন্ত্রক থেকে ওষুধ ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা জারি হচ্ছে না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news