চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার অনলাইনেই করোনা ভাইরাসের (Cooronavirus) পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করা যাবে এমনটাই জানাল একটি সংস্থা। ব্যাঙ্গালুরুর এই সংস্থার নাম প্র্যাক্টো। থাইরোকেয়ার নামের একটি কোম্পানির সঙ্গে জোট বেঁধে এই কাজ শুরু করেছে তারা। এই সংস্থা ভারত সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দ্বারা অনুমোদিত। প্র্যাক্টোর পক্ষে বলা হয়েছে, “সোমবার থেকেই এই কাজ শুরু হয়েছে। প্রথমে মুম্বইয়ের বাসিন্দাদের জন্য এই সুবিধা থাকলেও কয়েক দিনের মধ্যেই গোটা দেশের লোক এই সুবিধা পাবেন। পরীক্ষার সময় একজন নথিভুক্ত ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারকে দিয়ে সই করানো ফর্ম ও একটি আইডি কার্ডের দরকার পড়বে।” আরও জানানো হয়েছে, “যাঁরা পরীক্ষা করাতে চান, তাঁদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনা হবে। যাঁরা নমুনা সংগ্রহ করতে যাবেন, তাঁরা আইসিএমআর-এর গাইডলাইন মেনেই নমুনা সংগ্রহ করবেন। ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়ামে করে সেই নমুনা সরাসরি থাইরোকেয়ারের ল্যাবরেটরিতে পাঠানো হবে। নমুনা সংগ্রহ করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার রেজাল্ট অনলাইনেই দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”
মাত্র সাড়ে চার হাজার টাকায় এই টেস্ট করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। তার জন্য কেউ https://www.practo.com/covid-test ও https://covid.thyrocare.com/ -এ গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। প্র্যাক্টোর চিফ হেলথ স্ট্র্যাটেজি অফিসার ডক্টর আলেক্সান্ডার কুরুভিল্লা বলেছেন, “এই মুহূর্তে যত বেশি সম্ভব ল্যাবরেটরি গড়ে তোলা সম্ভব হবে, তত বেশি করে করোনাভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে। সরকার এই বিষয়েই কাজ করে চলেছে। আমরা থাইরোকেয়ারের সঙ্গে জোট বেঁধে এই কাজ করতে নেমেছি। যত বেশি সম্ভব মানুষের সুবিধা করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য। আশা করি করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কিছুটা যোগদান করতে পারব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news