চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) চরিত্র নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা মত রয়েছে। বারবার মিউটেশনের মাধ্যমে চরিত্র বদলাচ্ছে এই ভাইরাস। এই অবস্থায় কীভাবে এর প্রকোপ কমবে বা কবে কমবে তা নিয়েও বিভিন্ন মত দিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই গবেষক জানিয়েছেন যে গরম এবং আর্দ্রতা কম করতে পারে ভাইরাসের প্রকোপ। ২২ মার্চ পর্যন্ত ভাইরাসের যে গতি প্রকৃতি তাঁরা নজর করেছেন তাতেই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তাঁরা।
গবেষকদের মতে ৯০ শতাংশ ক্ষেত্রেই করোনা আক্রমণ করেছে এমন দেশগুলিকে যেখানে তাপমাত্রা ৩ থেকে ১৭ ডিগ্রি এবং আর্দ্রতা কম অর্থাৎ শুকনো আবহাওয়া। তাঁরা আরও জানিয়েছেন তাপমাত্রা, সংক্রমণ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। শুধুমাত্র গরম দেশগুলির সঙ্গে সংক্রমণের বিশেষ সম্পর্ক নেই। কারণ আমেরিকার উষ্ণ জায়গা ফ্লোরিডা লুসিয়ানিয়া বা ভারত পাকিস্তান এবং মালয়েশিয়া যথেষ্ট গরম। তা সত্ত্বেও এই জায়গাগুলিতে রোগের প্রকোপ কম নয়। এক্ষেত্রেই প্রশ্ন আসছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কোথায় কতটা পরিমাণে রয়েছে। এর আগে চিন স্পেন এবং পর্তুগালের গবেষণায় উঠে এসেছিল যে এই ভাইরাস ঠান্ডা এবং শুকনো জায়গায় দ্রুত বিস্তার লাভ করে। কিন্তু এমআইটি-এর গবেষণা প্রথম আর্দ্রতার বিষয়ে আলোকপাত করল।
এই গবেষণা অনুযায়ী ইউরোপ এবং উত্তর আমেরিকায় গরম সংক্রমণ কমাবে না কারণ এই জায়গাগুলি মূলত শুষ্ক। ভারতের ক্ষেত্রে তাহলে এই গবেষণার প্রভাব কী হতে পারে ? উত্তরে গবেষকরা জানিয়েছেন ভারতের গরম এবং বর্ষাকালীন আর্দ্র আবহাওয়া ভাইরাসের প্রকোপ হয়ত কমাতে পারে। তবে সেই সঙ্গে তাঁদের সতর্কবানী এর জন্য করোনা বিধিতে কোনও শিথিলতা দেওয়ার প্রশ্নই নেই। সেই কাজ করলে ফল মারাত্মক হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news