নিজস্ব প্রতিনিধি।
পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে করোনা ভাইরাসের (Cooronavirus) চোখ রাঙানি। মঙ্গলবার রাতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে কলকাতায়। তারপর রাতেই নতুন করে বেলেঘাটা আইডি-তে ১১ জন ভর্তি হয়েছেন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস রোগে আক্রান্ত দেশগুলি থেকে যাঁরা বাংলায় ফিরেছেন এমন ৭৪, ৯৭৮ জনের স্ক্রিনিং হয়েছে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে। স্থল সীমান্ত দিয়ে যাঁরা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তেমন ব্যক্তির সংখ্যা ২৮০৩৬২ জন। তাদের প্রত্যেকের স্ক্রিনিং করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ১৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত হিসাব মতো ১২,২২৬ জনকে গৃহবন্দী করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সব রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের দল সব সময়ে রোগীদের ওপরে কড়া নজর রাখছেন। একই সঙ্গে সন্দেহভাজনদের সংস্পর্শে এসেছেন এমনদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, করোনা-মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ২০০ কোটি টাকার তহবিল গড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত, প্রেক্ষাগৃহ, ক্রীড়াঙ্গন ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও, পরে তা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news