নীল রায়।
আবারও বামেদের সঙ্গে নির্বাচনী সমঝোতার ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার বিধান ভবনে পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক সাংসদ গৌরব গগৈকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সোমেন বলেন, “এবারের ভোটে আমরা একক ভাবে লড়াই করে দেখতে চেয়েছিলাম আমাদের শক্তি কতটা। প্রায় সাড়ে পাঁচ শতাংশ মানুষ ভোট আমরা পেয়েছি।” তিনি আরও বলেন, “এমন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অভিন্ন কর্মসূচি করে এখন থেকেই আমাদের এগোতে হবে।”
বামেদের সঙ্গে জোটের রাস্তা যে আগামী দিনে কংগ্রেস খুলে রাখছে এই মন্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বৈঠকে হাজির ছিলেন জেলা কংগ্রেসের তাই বেশিরভাগ সভাপতি। সূত্রের খবর বৈঠকে তারাও বামেদের সঙ্গে আবারও জোট করে ২০২১ সালের বিধানসভা ভোটে লড়ার পক্ষে মত দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস। জোট সফল না হলেও, দীর্ঘ দুই দশক পর রাজ্য বিধানসভায় বিরোধী আসল ফিরে পেয়েছিল বাংলার কংগ্রেস। কিন্তু তারপর থেকে আর কোনও নির্বাচনে জোট হয়নি এই দুই শিবিরের। এবারের লোকসভা ভোটের আগে জোট সংক্রান্ত বিষয়ে একাধিক বৈঠক হলেও তা চূড়ান্ত রূপ পায়নি। জোট ভেঙে যাওয়াকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে তির্যক মন্তব্যও করেছিলেন কংগ্রেস ও সিপিএম নেতারা। পৃথকভাবে লড়াই করে লোকসভা ভোটে দুপক্ষেরই লোকসান হয়েছে ব্যাপক। তাই আবারও পরস্পরের হাত ধরার প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস ও বাম দুপক্ষই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news