নীল রায়:
আবার ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখা দিয়েছে। লোকসভা ভোটের উত্তাপের মরসুমে রাজ্যের বিধানসভা উপনির্বাচনে আবারও কাছাকাছি আসতে পারে কংগ্রেস-সিপিএম দু’পক্ষই। আগামী ১৯ মে দার্জিলিং, ইসলামপুর, ভাটপাড়া ও হবিবপুর বিধানসভায় উপনির্বাচন। ঠিক এর পর দিন উপভোট হবে কান্দি ও নওদায়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তাই সময়ের প্রয়োজনে আবারও জোট হতে পারে সিপিএমের সঙ্গে। কিন্তু সিপিএমের পক্ষ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি বলেই জানিয়েছেন তিনি। এমনকী সিপিএম জোট প্রসঙ্গে এখনও উদাসীন বলেই জানিয়েছে প্রদেশ কংগ্রেস।
এ প্রসঙ্গে সিপিএম নেতা রবিন দেব জানিয়েছেন, দলের অন্দরে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। তাই ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা এই উপনির্বাচনগুলিতে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আবারও সমস্যা দেখা দিতে পারে দু’দলের মধ্যে। কারণ ইসলামপুর, নওদা ও কান্দির মতো আসনগুলিতে স্বাভাবিকভাবেই প্রার্থী দিতে চাইবে কংগ্রেস। আর হবিবপুর, ভাটপাড়া ও দার্জিলিংয়ে প্রার্থী দিতে চাইবে সিপিএম। কিন্তু সমস্যা বামফ্রন্টের শরিকদের নিয়ে। কারণ ২০১৬-র নির্বাচনে জোট গড়তে সিপিএমকে শরিক-দ্বন্দ্বের মুখে পড়তে হয়েছিল। এবারের জোট আলোচনার প্রথম থেকেই শরিকদের আসন নিয়ে সচেতন ছিল সিপিএম। তা সত্ত্বেও ফ্রন্টের মধ্যে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ও সিপিআইয়ের কড়া কথা শুনতে হয়েছিল।
এবারের ভোটে কংগ্রেস ও সিপিএম পরস্পরের বিরুদ্ধে দুটি করে আসনে প্রার্থী দেয়নি। বাঁকুড়া ও যাদবপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস। মালদহ দক্ষিণ ও বহরমপুর আসনে প্রার্থী দেয়নি সিপিএম। যদিও বহরমপুরে আসনে প্রার্থী না দেওয়ার সিপিএমের তত্ত্ব মানতে চায়নি আরএসপি। বহরমপুরে পৃথকভাবে লড়াই করছে তাঁরা বামফ্রন্টের সমর্থন ছাড়াই। তাই শরিক কোনও দলের কথা মাথায় রেখে ওই ৬টি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে নারাজ সিপিএম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news