নীল রায়:
আর কোনও যদি কিন্তু নয়! সিপিএম সহ বাম দলগুলোর আচরণ দেখে লোকসভা ভোটে “একলা চলো”র সিদ্ধান্তই নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পর্যবেক্ষক গৌরব গগৈ মারফত রাহুল গাঁধী এ রাজ্যের নেতাদের জানিয়েছিলেন, বাংলা কংগ্রেস নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে এআইসিসি। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর সোমেন মিত্র মুখে “একলা চলো”র কথা বললেও লোকসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট করেই এগোতে চেয়েছিলেন। এদিকে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক বারাসত, পুরুলিয়া, ও কোচবিহার লোকসভা আসনের দাবি ছাড়তে নারাজ। ইতিমধ্যে তারা ওই তিনটি আসনের প্রার্থীদের নাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাতে তুলে দিয়ে আসন না ছাড়ার কথা স্পষ্ট করে দিয়েছে। আরএসপি ও সিপিআই কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে কিছুটা নরম মনোভাব দেখালেও, ফব-র বিদ্রোহ দেখে তারাও আবার বেঁকে বসেছেন। আরএসপি কেবলমাত্র অধীর চৌধুরীর লোকসভা বহরমপুর আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে। তবে সিপিএমের সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন নিয়েও। সিপিএম চেয়েছিল এই দুই আসনে দাবি ছেড়ে দিক কংগ্রেস। কিন্তু কংগ্রেস নেতৃত্বের অনড় অবস্থানে ক্ষুব্ধ রাজ্যে সিপিএম। কারণ ২০১৪ সালের চতুর্মুখী লড়াইয়ে মুর্শিদাবাদ ও রায়গঞ্জ জিতেছিল সিপিএম।
সূত্রের খবর, সোমবারের বামফ্রন্টের বৈঠকে কংগ্রেস নিয়ে একটি শব্দও ব্যয় করেননি সূর্যকান্ত মিশ্র কিংবা বিমান বসু। এবার সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কতটা আন্তরিক তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। দিল্লিতে গৌরব গগৈয়ের সঙ্গে সীতারাম ইয়েচুরির, কলকাতায় সোমেন মিত্র সঙ্গে সূর্যকান্ত মিশ্রর জোট নিয়ে আলাপ আলোচনা হলেও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি দু’পক্ষই। ইতিমধ্যে হাইকমান্ডের নির্দেশে রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের বায়োডাটা জমা নেওয়ার কাজ প্রায় শেষ করে ফেলেছে বিধান ভবন। কোন আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা চলছে রাজ্য কংগ্রেসের অন্দরে। কংগ্রেস চেয়েছিল কমপক্ষে ১৫ থেকে ১৮ টি আসন তাদের ছেড়ে দিক সিপিএম। কিন্তু সিপিএম নেতৃত্ব ১২টি আসনের বেশি ছাড়তে নারাজ। এই অবস্থায় পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কংগ্রেসের জোটপন্থী নেতা সোমেন মিত্র-আব্দুল মান্নানরা বাম শরিক তথা সিপিএমের আচরণে বিরক্ত। সোমেন মিত্র ও আব্দুল মান্নান এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে কংগ্রেস বাংলায় এককভাবে লড়াই করতে প্রস্তুত। সব মিলিয়ে বাংলায় চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news