চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
খুলে গেল কলকাতার ঐতিহ্যশালী ইন্ডিয়ান কফি হাউস (Coffee House)। বৃহস্পতিবার সকাল থেকেই জীবাণুমুক্ত করে খোলা হয় কফি হাউস। গত তিন মাস যাবৎ লকডাউনের (Lockdown) কারণে বন্ধ ছিল বাঙালির প্রিয় কফি হাউজ। তবে কফি হাউজের দরজা খোলা হলেও, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন রুখতে অনেক নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে। কফি হাউসে প্রবেশ করতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে এই মুহূর্তে সমস্ত খাবার পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে। তবে ইনফিউশন বা পেয়াজের পকোরা কিন্তু তালিকা থেকে বাদ পড়ছে না। তবে দাম বাড়ছে ওই সমস্ত খাবারের। এর পাশাপাশি আসন সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১৮টি আসন সংখ্যা নিয়ে এদিন কফি হাউজ খোলা হয়েছে। তবে ওপরের জায়গায় এখনও পর্যন্ত বসার অনুমতি দেওয়া হয়নি । শুধুমাত্র নীচে বসা যাবে।
ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এবার থেকে সপ্তাহে সাতদিনের বদলে ছ’দিন বেলা ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জমবে কফি হাউসের আড্ডা।বুধবার ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কো-অপারেটিভ লিমিটেডের সদস্যরা একটি বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে স্থির হয়, নতুন কয়েকটি নিয়ম মেনে ২ তারিখ অর্থাৎ আজ থেকেই খোলা হোক কফি হাউসের তালা। এমনই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তপন কুমার পাহাড়ি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news