চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারতের ব্যবসায়ী সংগঠন এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলিতে হামলা চালাতে পারে চিনা হ্যাকার সম্প্রদায়। এমনটাই জানাল সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি সাইফার্মা। সাইফার্মার মতে, গত ১০ দিন ধরে ‘টিচ ইন্ডিয়া এ লেসন’ (Teach India a Lesson) নামক একটি বিষয় ভারতে নিয়ে আসার ব্যাপারে আলোচনা করেছে চিনা হ্যাকার সংস্থাগুলি।
সাইফার্মার সাইবার বিশেষজ্ঞদের দাবি, চিনের হ্যাকার সংস্থাগুলি ভারতের টেলিযোগাযোগ, ফার্মা, স্মার্টফোন এবং নির্মাণ শিল্পের ওয়েবসাইট থেকে তথ্য চুরি করতে পারে। এছাড়া ওয়েবসাইটগুলিকে ক্ষতি করার সম্ভাবনাও রয়েছে। এমনকি সিঙ্গাপুরের ওই কোম্পানিটি প্রতিবেদন প্রকাশ করে নির্দিষ্টভাবে আরও জানিয়েছে, হ্যাকারদের লক্ষ্য হতে পারে জিও, এয়ারটেল, অ্যাপোলো টায়ারস, মাইক্রোম্যাক্স এবং সিপলার মতো কোম্পানি। পাশাপাশি ওই তালিকায় থাকতে পারে প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
হ্যাকারদের এই সাইবার হামলার মূল কারণ গত ১০দিন ধরে চলা ভারত-চিন সীমান্ত উত্তেজনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে সাইফার্মার প্রতিষ্ঠাতা সিইও কুমার অশোক বলেন, “আমাদের সমীক্ষায় আমারা জানতে পেরেছি, একটি চিনা হ্যাকার সংস্থা ভারতকেই তাদের মূল লক্ষ্য বানিয়েছে। এবং এরা সাইবার হামলার হুমকিও দিতে পারে। আমরা তা জানতে পেরেই সতর্কতা জারি করেছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। ”
চিনা হ্যাকারদের আইপি এড্রেস থেকে জানা যাচ্ছে, চিনের সামরিক বাহিনীর প্রত্যক্ষ মদতপুষ্ট ‘গথিক পান্ডা’ এবং ‘স্টোন পান্ডা’ সহ একাধিক চিনা হ্যাকার এই বিষয়ে ইতিমধ্যে তারা কাজকর্ম শুরু করেছে। নির্দিষ্ট ম্যালওয়্যার ও ফিশিং মেল পাঠিয়ে তারা তথ্য চুরি করবে। তবে ভারত ছাড়াও এই সাইবার হামলার আশঙ্কা রয়েছে আমেরিকা, জাপান, কানাডা ও ব্রাজিলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news