চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গালওয়ান ঘাঁটির পর প্যাংগং লেক। আবারও সীমান্তে ভারত বনাম চিনা সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। ২৯ জুলাই রাত প্যাংগং লেকের দক্ষিণে পাহাড়ি এলাকায় ফের ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে সংঘাতে জড়াল চিনের পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল প্যাংগং সো এলাকায়। রবিবার রাতে প্যাঙ্গং হ্রদের তীরে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় পিপলস লিবারেশন আর্মির ঢুকে পড়ার চেষ্টা করলে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ প্রসঙ্গে ভারতীয় সেনার মুখপাত্র কর্ণেল আমান আনন্দ বলেন, “প্যাংগং লেকের উত্তরে ঘাঁটি গেড়ে বসেছিল পিপলস লিবারেশন আর্মির সদস্যরা। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছে চিনা সেনাবাহিনী।”
কিছুদিন আগেই ভারতীয় সেনার ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চিনের শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিনের উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকের পরে পূর্ব লাদাখের বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা থেকে সেনা সরাতে রাজি হয়নি চিন। প্যাংগং লেক সহ পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের জন্য চিনের উপর চাপ বাড়িয়েছে ভারত। কিন্তু গালওয়ান নদী উপত্যকা, গোগরা, হট স্প্রিং সহ কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সামান্য সেনা সরানো ছাড়া তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি পিপলস লিবারেশন আর্মিকে। গালওয়ান উপত্যকায় চিনা সেনার সংখ্যা সামান্যই কমেছে বলে জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে। কিন্তু পরিবর্তে উত্তর লাদাখের দেপসাং ভ্যালিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে চিন। লাদাখ সীমান্তে শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনার জন্য চুসুল সীমান্ত লাগোয়া চিন-নিয়ন্ত্রিত মলডোতে দুই দেশের সেনা কম্যান্ডারের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সীমান্তে শান্তি ফেরানোর ভারতের উদ্যোগের পাল্টা চিন সদিচ্ছা দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
পিপলস লিবারেশন আর্মির অনড় মনোভাবের জন্যই প্যাংগং লেক এর কাছে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আপাতত হতাহত হওয়ার খবর না মিললেও, সীমান্তের পরিস্থিতি যে উত্তপ্ত তা জেনে গিয়েছে আন্তর্জাতিক মহল। কয়েক মাস যাবত ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে পিপলস লিবারেশন আর্মি। গালওয়ান উপত্যকায় (Galwon Valley) ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা দুর্ভাগ্যজনক। এমনটা যাতে আর কোনওদিন না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি এমনটাই বললেন ভারতে নিয়োজিত চিনের রাষ্ট্রদূত (China Diplomat) সুন ওয়েইডং। মুখে এমনটা বললেও চিন যে ভারতের সঙ্গে সীমান্ত দ্বন্দ্ব মেটাতে আদৌ কতটা আন্তরিক তা নিয়ে উঠছে প্রশ্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news