চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার পর দেশে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। সেই দাবি আরও জোরাল করল ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (Chamber of Tade and Industry ) নামের বণিকসভা। বিসিসিআইকে (BCCI) চিঠি লিখে যাবতীয় চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করতে অনুরোধ করেছে তাঁরা। ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামের বণিকসভার দাবি, বোর্ডকে দ্রুত চিনা সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিসিসিআই যদি তা না করে, তাহলে দেশের সব ব্যবসায়ী আইপিএল বয়কট করবে। এমনকী জাতীয় দলের ম্যাচও স্পনসর করবে না তাঁরা। বণিকসভার এমন হুমকির ফলে বিপাকে পড়েছে বিসিসিআই।
শুক্রবার বিসিসিআই জানিয়েছিল চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার প্রশ্ন এখনই আসছে না। যদি সরকার পুরোপুরি চিনা সংস্থা এবং স্পনসরের উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলেই একমাত্র ভেবে দেখতে পারে বোর্ড। কিন্তু তারপর বিভিন্ন মহলের চাপে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী সপ্তাহে জরুরি বৈঠক করে চিনা সংস্থাগুলির সঙ্গে চুক্তির ব্যাপারটি খতিয়ে দেখা হবে।
তবে যেভাবে চিনা স্পনসর বাতিল করার দাবি উঠেছে, তাতে চাপে পড়ে গিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের সঙ্গে যে সব চিনা সংস্থা জড়িত তাদের সঙ্গে চুক্তি আর রাখা হবে কি না, তা নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল। ‘ভিভো’, ‘আলিবাবা’, ‘পেটিএম’-সহ সমস্ত চিনা সংস্থারা আদৌ আর আইপিএলে স্পনসর হিসেবে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে ! আইপিএলেরই টাইটেল স্পনসর ‘ভিভো’। যা কিনা চিনা মোবাইল সংস্থা। তার সঙ্গে আরও বেশ কিছু চৈনিক সংস্থাগুলির স্পন্সরশিপ রয়েছে আইপিএলে। তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী সপ্তাহে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news