নিজস্ব প্রতিনিধি।
রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “ছুটি বাড়ানো হচ্ছে। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা। আইসিডিএস স্কুলও বন্ধ থাকবে।” তিনি আরও বলেন, “যে সমস্ত স্কুলে মিড ডে মিলের যে রান্না হয় তার কাঁচা মাল ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন বোর্ডের যে সমস্ত পরীক্ষা চলছে, সেগুলি যথারীতি চলবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ পঠনপাঠন বন্ধ থাকবে।
অন্য রাজ্যে আগেই লাগু হয়েছিল ১৮৯৭ সালের মহামারী সম্পর্কিত আইনের দুই নম্বর ধারা। এবার তা পশ্চিমবঙ্গেও লাগু করা হল। এদিন করোনাভাইরাস নিয়ে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “উত্তর ২৪ পরগনার কয়েক জনের মধ্যে করোনাভাইরাস রয়েছে বলে সন্দেহ করা হলেও তারা চিকিৎসায় রাজি হচ্ছেন না। জেলাশাসককে বিরক্ত করছেন। এই পরিস্থিতিতে রাজ্যেও মহামারী সংক্রান্ত আইন লাগু করা হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই পরিস্থিতিতে প্রশাসন যাতে সঠিক ভাবে এবং বিনা বাধায় কাজ করতে পারে তার জন্যই এই আইন রাজ্যে কার্যকর করা হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news