চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়াতেই বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। আর তাতেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অন্দরে চাপ বেড়েছে। এমনিতেই আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) দুর্যোগের কারণে শহরের বেহাল দশা দেখে প্রশাসক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় সংক্রমণ রোগ তাই কোনও খামতি রাখতে চায় না কলকাতা পুরসভার বড় কর্তারা। সম্প্রতি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তিন জন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তিন জন আক্রান্তের মধ্যে দু’জন মহিলা এবং এক জন পুরুষ। আক্রান্তদের সকলের একই ঠিকানা। যার প্রেক্ষিতে শহরের তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসকদের নিয়ে গঠিত তিনটি পর্যবেক্ষক দল বৃহস্পতিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিট গিয়েছিল বলে খবর।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের (Harish Chatterjee Street) আগে তৃণমূলের (TMC) প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসা চারজনের শরীরেও মিলেছিল কোভিড ১৯-এর সংক্রমণ। তাদেরও সরকারি চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁরা সকলেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ছিলেন না। কিন্তু, ফের নতুন করে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে করোনা ভাইরাসের সংক্রমণের হদিস মেলায় উদ্বেগ বাড়ে প্রশাসনের। ফলে ওই চিকিৎসক দলকে দ্রুতই তলব করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও স্বাস্থ্য ভবনের তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো।
কলকাতা পুরসভার একটি সূত্র জানিয়েছে, গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে স্যানিটাইজ করার কাজ করা হচ্ছে। পাশাপাশি, সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যাবতীয় পদক্ষেপ করছে পুরসভা কর্তৃপক্ষ। এছাড়াও কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সূত্রের। এ বিষয়ে কালীঘাট ও ভবানীপুর থানাকে বিশেষ ভূমিকা পালন করতে বলেছে লালবাজার। কোনও অপরিচিত ব্যক্তি ওই এলাকায় ঘোরাফেরা করতে পারে সেদিকেও নজর রাখছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শরীর খারাপের কোনওরকম লক্ষণ থাকা ব্যক্তিকে ও স্বাস্থ্য পরিষেবার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য ভবনের একটি সূত্রে।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে পুলিশের গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত সবেতেই কড়া নজরদারি রয়েছে কলকাতা পুলিশের। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের (Tamonash Ghosh) করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর থেকেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট নিয়ে তৎপরতা বেড়েছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কর্তাদের মধ্যে। নতুন করে তিন ব্যক্তি সংক্রমিত হওয়ায় সেই তৎপরতা বেড়ে গিয়েছে কয়েক হাজার গুণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news