ওয়েব ডেস্কঃ
মানুষ হলে নিশ্চিত পুরস্কার জুটত। প্রশাসন সম্বর্ধনাও দিত হয়ত। কিন্তু ছাগল বলে কপাল পুড়ল। সে সম্ভাবনা থাকল না। অথচ এক ছাগলেই হদিশ দিল পাচার হওয়া লাইসেন্সহীন ৪৮টি এয়ারগানের।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাঁসখালির রামনগর পূর্বপাড়া গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে ছাগলে বিচালি খেতেই বেরিয়ে এল অসংখ্য বন্দুকের বাঁট। চাঞ্চল্য ছড়াল এলাকায়। কারণ বিচালি পুরোটা সরাতেই ভেতর থেকে মিলল ৪৮ টা এয়ারগান। মানুষ মারা অস্ত্র না হলেও পুলিশ বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পুলিশের মতে বন্দুকগুলির মাথা বদলালেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব।
অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে রামনগর পূর্বপাড়া গ্রাম থেকে ওই বন্দুকগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। গতকাল বিকেলে তিন ব্যক্তি একটি মোটরভ্যানে বিচালি বোঝাই করে তার মধ্যে ওই এয়ারগানগুলি নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। কিন্তু সীমান্তরক্ষী বাহিনী সামনা সামনি পড়তেই ভ্যান ঘুরিয়ে পাড়ার মধ্যে ভ্যানটিকে ঢুকিয়ে দেয় তারা। স্থানীয় কওসর আলির বাড়িতে ভ্যানটি রেখে সরে পড়ার চেষ্টা করে তিনজন। এমন সময় কওসরের পোষা ছাগল বিচালি টেনে নিয়ে খাওয়া শুরু করতেই একটি বন্দুকের বাঁট নজরে আসে উপস্থিত কয়েকজনের। স্বভাবতই বন্দুক দেখে আতঙ্কিত হয় কওসর সহ স্থানীয়রা। এরপর ভ্যানে থাকা বিচালি সরাতেই বেড়িয়ে আসে একের পর এক এয়ারগান। মেলে তিনটি দেশি রিভলবারও। তখন স্থানীয় মানুষই ওই তিনজনকে আটকে পুলিশে খবর দেয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস। কাদের কাছে বন্দুকগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করছে স্থানীয় পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news