চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
গ্রাহকদের বাড়িতে মাত্রাতিরিক্ত বিল পাঠিয়ে ক্ষোভের মুখে পড়েছে সিইএসসি (CESC)। গত কয়েকদিন ধরে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterjee) ভবানীপুরের বাড়িতে একাধিক অভিযোগ জমা পড়েছে এই সংক্রান্ত বিষয়ে। মন্ত্রীর মেলেও উপচে পড়ছে অভিযোগের বন্যা। শুক্রবার বিদ্যুৎ ভবনে সিইএসসি-র আধিকারিকদের ডেকে পাঠান বিদ্যুৎমন্ত্রী (Power Minister)। সেখানেই দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষন বৈঠক হয়। বৈঠক শেষে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সিইএসসি কতৃপক্ষের সঙ্গে বিল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। জনতার যে অভিযোগ আমার কাছে আসছে তা আমি সম্পূর্ণভাবে তাদেরকে জানিয়েছি। বলেছি, আগামীকাল রাজ্যের সমস্ত সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিয়ে পিল কেন বেশি এসেছে তার ব্যাখ্যা দিতে।” তিনি আরও বলেন, “বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর যদি দেখি সিইএসসি-র ব্যাখ্যা সঠিক নয়। তাহলে আবারও তাদের সঙ্গে বৈঠকে বসব।”
জনবিক্ষোভের জেরে বৃহস্পতিবার রাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করতে হয়েছিল বিদ্যুৎমন্ত্রীকে। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “রাজ্য সরকারের সঙ্গে সিইএসসি-র কোনও সম্পর্ক নেই। অথচ বিল সংক্রান্ত বিষয়ে আমাদের সবচেয়ে বেশি ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।” প্রসঙ্গত, তাঁর ভবানীপুরের বাড়িতে এবার মাত্রাতিরিক্ত বিল এসেছে বলে অভিযোগ করেছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী।
অন্যদিকে, কলকাতা প্রাক্তন মেয়র তথা বর্তমানে কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) প্রশাসক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতেও চার হাজার টাকার বিল পাঠিয়েছে সিইএসসি। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিইএসসি বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগ উঠছে। এ ব্যাপারে আমারও সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমার বাড়িতে অনেক টাকার বিল এসেছে এবার।” তিনি আরও বলেন, “এবার রিডিং না হওয়ার কারণে এত বিল এসেছে বলে জানিয়েছে ওরা। বিল যাতে তিনটে ইনস্টলমেন্টে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানাচ্ছে সিইএসসি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news