পার্থসারথি পাণ্ডা
কলকাতা বইমেলা এ-বার বেয়াল্লিশ বছরে পা দেবে। ‘কলিকাতা পুস্তকমেলা’ থেকে ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা’ হয়ে ওঠার এই বেয়াল্লিশ বছরের ইতিহাসের ছত্রে ছত্রে রয়েছে ঠাঁই বদলের কাহিনী। ভিক্টরিয়া মেমোরিয়ালের পাশের মাঠ থেকে শুরু করে ময়দান, পার্ক সার্কাস, যুবভারতী স্টেডিয়াম, মিলন মেলা হয়ে এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসে পৌঁছেছে। দিল্লিতে কলকাতা বইমেলার নির্ঘণ্ট ঘোষণার পর গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় তাই মজা করে বলেছিলেন ‘বইমেলা আবার ভবঘুরে!’
কখনও পরিবেশ দূষণের ইস্যুতে, কখনও বা স্থান সঙ্কুলানের সমস্যার কারণে বার বার বইমেলার স্থান পরিবর্তন করতে হয়েছে। কিন্তু এবার স্থান পরিবর্তনের পেছনে এ-দুটো কারণ মোটেই দায়ী নয়। এই মুহূর্তে মিলন মেলা প্রাঙ্গণের আমূল সংস্কারের কাজ চলছে, তাই অনিবার্য কারণেই সেখানে এবার মেলা করা গেল না। পরের বছর থেকে আবার যথারীতি সেখানেই মেলা হবে।
সেন্ট্রাল পার্কে মিলন মেলার তুলনায় জায়গা অনেক কম। তাই ছোট প্রকাশকদের অনেকেরই আশঙ্কা, তাঁরা স্টল পাবেন তো? স্টল পেলেও, সল্টলেকের এতটা ভেতরে বই কিনতে পাঠকেরা ভিড় করবেন তো? সবার সমস্ত আশঙ্কা দূরে সরিয়ে দিতে ত্রিদিববাবু জানিয়েছেন যে, জায়গা ছোট হলেও তাঁরা স্টল কমাবেন না। ফলে ছোট-বড় সব প্রকাশকই সেখানে বসার জায়গা পাবেন। এছাড়া বইপ্রেমী মানুষেরা শহরের নানা প্রান্ত থেকে যাতে সহজেই মেলায় আসতে পারেন তার জন্য মেলা চলাকালীন রাজ্য পরিবহন দপ্তর প্রচুর বাড়তি বাস রাস্তায় নামাবে।
বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ফোকাল থিম কান্ট্রি ফ্রান্স। ১৯৯৭ ও ২০০৫-এর পর ২০১৮, এই নিয়ে ফ্রান্স তৃতীয়বারের মতো ফোকাল থিম কান্ট্রি হতে চলেছে। মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন সে-দেশের বিখ্যাত লেখিকা লিওনোরা মিয়ানো, সংস্কৃতি মন্ত্রী আলেক্সান্দ্রে জিগলার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ঁ অব অনার’ তুলে দিয়ে সম্মান জানাবেন সে-দেশের সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রী ফ্রন্সওয়াস নাইসেন।
ইতিহাস বলছে—ঠাঁই বদল, অগ্নিকান্ড, ডিমনিটাইজেশন—কোন কিছুকেই পাত্তা না-দিয়ে বারে বারে বইপ্রেমী মানুষের ঢল নেমেছে কলকাতা বইমেলায়। তাই আশা করা যায়, এবারও তার ব্যতিক্রম হবে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news