চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনের (Lockdown) কারণে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের পাশাপাশি, ছাত্রছাত্রী এবং তীর্থযাত্রীদের ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) মুখপাত্র। শুক্রবার দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, বিশেষ ট্রেনে করেই ফেরানো হবে ভিন্ রাজ্যে আটকে থাকা লক্ষ লক্ষ মানুষকে। রাজ্য লিখে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে আটকে পড়া শ্রমিক তীর্থযাত্রী তথা পর্যটকদের বিস্তারিত তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাতে। সেখান থেকেই রেল মন্ত্রকের (Railway Ministry) সঙ্গে সংযোগ সাধন করে তাদের সংশ্লিষ্ট রাজ্যে ফাটানোর বন্দোবস্ত করবে কেন্দ্র।

ঘটনাচক্রে, এদিনই দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে যাত্রা শুরু করেছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ১২০০ শ্রমিককে নিয়ে ঝাড়খণ্ডের হাতিয়ায় পৌঁছায় একটি বিশেষ ট্রেন। কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ট্রেনগুলিতে যাঁরা ফিরবেন তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোর ভাবে নজর রাখতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে বলা হয়েছে, এ ব্যাপারে গঠিত নোডাল বডি যেন সবসময় সমন্বয় রক্ষা করে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, শীঘ্রই রেলমন্ত্রক বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে। কী ভাবে টিকিট কাটতে হবে, কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কবে, কখন ট্রেন ছাড়বে এসবের পুঙ্খানুপুঙ্খ তালিকা দেওয়া হবে তাতেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news