চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফলাফল। করোনা ভাইরাসের সংক্রমণের মহামারীর জন্য কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা এবং সময়মতো ফলপ্রকাশ নিয়ে ধন্দ ছিল। কিন্তু গত মাসেই সুপ্রিম কোর্টে সিবিএসই-র তরফে জানিয়ে দেওয়া হয়, জুলাই মাসের মধ্যেই ফলপ্রকাশ করা হবে। সেইমতো সোমবার সকালে অনলাইনে সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হল। পর্ষদের তরফে জানানো হয়েছে, গতবছরের তুলনায় এবার সার্বিকভাবে পাশের হার অনেকটা বেড়েছে। এবছর পাশ করেছেন ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া। যা কিনা গতবারের থেকে ৫.৩৮ শতাংশ বেশি।
পাশের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি কেরলের ত্রিবন্দ্রম এলাকায়। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার পড়ুয়াদের মধ্যে পাশের হার ৯৪.৩৯ শতাংশ। এবছর গোটা দেশের ১১ লক্ষ ৯০ হাজারের বেশি পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। ফলফল ঘোষণা করলেও, অসম্পূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে এ বছর কোনও মেরিট লিস্ট প্রকাশ করেনি সিবিএসই (CBSE)। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য, বিগত বছরগুলির মতো এবছরও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারছে পড়ুয়ারা। cbse.nic.in , www.results.nic.in , www.cbseresults.nic.in এই তিন ওয়েবসাইটে জানা যাচ্ছে ফল। এছাড়াও DigiLocker App-এর মাধ্যমেও ফলাফল দেখা যাচ্ছে। পড়ুয়াদের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও তাঁদের ফলাফল পাঠিয়ে দেওয়া হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news