নীল রায়:
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ঘটনা উত্তাপ প্রসঙ্গে ট্যুইট করে বিতর্ক বাড়ালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শনিবার সকালে ট্যুইট করে তথাগত রায় লেখেন, “কলকাতা পুলিশ কমিশনার ও সিবিআই কর্তারা শিলং এসে গিয়েছেন। দুঃখ হচ্ছে আমি থাকতে পারলাম না। মেঘালয়ে আপনাদের স্বাগত, মেঘের রাজ্য। খুশি মনে প্রশ্ন করুন, খুশি মনে উত্তর দিন।”
প্রসঙ্গত, মেঘালয়ের রাজ্যপাল হলেও কলকাতার আদি বাসিন্দা তথাগত। বর্তমানে এসেছেন কলকাতাতেই। কলকাতায় থাকলেও তার ট্যুইট যন্ত্রটি সক্রিয় রয়েছে বোঝাই যাচ্ছে। শুক্রবারও একই কায়দায় ট্যুইট করে কলকাতার রাজীব কুমার ও সিবিআই কর্তাদের মেঘালয় স্বাগত জানিয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল। একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেও, তথাগত রায় যে রাজনৈতিক ভাবে বিজেপির কট্টর সমর্থক, তা তিনি বার বার বুঝিয়েছেন নিজের নানা মন্তব্য তথা ট্যুইটে। ত্রিপুরার রাজ্যপাল থাকা অবস্থাতেই বহুবার তাঁর নানা মন্তব্য, ট্যুইট বিতর্ক তৈরী করেছে বারবার। একাধিকবার বিতর্ক জড়িয়েছিলেন ত্রিপুরার বামফ্রন্ট সরকারের সঙ্গেও। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল সিবিআই, তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে শেষমেশ জেরা করছে বহু টানাপড়েনের পরে, যাকে বিজেপি নিজেদের জয় হিসেবেই দেখছে। সব মিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে দু’দিনের ট্যুইটে বিজেপির সেই জয়ের বহিঃপ্রকাশ রয়েছে তথাগত রায়ের তির্যক মন্তব্যে।
রাজনীতির আঙিনায় রাজ্যপালের পদ দলীয় রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু তথাগত রায়ের ক্ষেত্রে সে কথা বারবারই বদলে গিয়েছে। রাজ্যপালের আসনে বসার পরেও বারবারই বিজেপি নেতাদের মতোই আচরণ করেছেন তিনি। তাঁর ট্যুইটার হ্যান্ডেলে কখনও আক্রমণের নিশানা হয়েছে দিল্লির কংগ্রেস, কখনও ত্রিপুরার সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। কখনও আবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে লেখা একাধিক পোস্ট রিট্যুইট করেছেন তিনি। অতএব, গত দু’দিন ধরে কলকাতা পুলিশ ও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ঘটনা প্রসঙ্গে তথাগত রায়ের ট্যুইট সেই বিতর্কিত অধ্যায়ের ধারা অব্যাহত রাখল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news