ওয়েব ডেস্ক:
মুর্শিদাবাদের ভগবানগোলায় রাজ্যের লোকসভা নির্বাচনে প্রথম বলির খবর আগেই জানা গিয়েছে, এবার জানা গেল এক ভোটকর্মীর রহস্যমৃত্যুর কথা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। কীভাবে ওই কর্মীর মৃত্যু হল, তা জানতে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।
সূত্রের খবর, মৃতের নাম বাবুলাল মুর্মু। তিনি কুশমন্ডির শিক্ষক। বুনিয়াদপুরের বাসিন্দা। রিসার্ভে থাকা ভোট কর্মী ছিলেন এই বাবুলাল মুর্মু। এদিন সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবুললাল মুর্মুর দেহ। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বাবুলাল মুর্মুর স্ত্রী জানিয়েছেন, কাল রাতে ভোটের ডিউটির কথা জানিয়েছিলেন তিনি। ভয়ের কথাও জানিয়েছিলেন। বলেছিলেন, সেন্ট্রাল ফোর্স না থাকলে তিনি ডিউটি করবেন না।
পরিবারের দাবি, বাবুলাল মুর্মুর শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। ঘরের মাটিতে রক্ত পড়ে ছিল বলে খবর। তবে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পাওয়া মাত্র নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news