চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা আবহে আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) নিয়ে গুজব ছড়াল। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে যায় আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাম কর্মী সমর্থক সহ বুদ্ধদেব ভট্টাচার্য শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন। শুরু হয় তাঁর খোঁজ খবর নেওয়া। বিষয়টি জানাজানি হতেই সক্রিয় হয় আলিমুদ্দিন স্ট্রিট। “যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।” বলে বিবৃতিতে জানিয়ে দেন সিপিআই (এম) CPI (M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এই প্রথম নয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন্দ্র করে এমন গুজব আগেও ছড়িয়েছে। বরাবরই আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিবৃতি দিয়ে তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ রাজ্যপাল জগদীপ ধনখড়। সে যাত্রায় দ্রুত সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন তিনি।
সূত্রের খবর, বালিগঞ্জের পাম এভিনিউয়ের ফ্ল্যাটেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্ত্রী ও কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে থাকেন তিনি। বাড়ি থেকে এখন আর বের হন না। চিকিৎসকরা তাঁকে বাড়িতেই দেখতে আসেন বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news