পার্থসারথি পাণ্ডা

শীতের মাঝামাঝি নতুন ধানে পৌষ-পার্বণ হয়েছে আর শীতের শেষে নতুন বই নিয়ে শুরু হচ্ছে বই-পার্বণ। আগামী বারোটা দিন বাঙালির জীবনে শুধু বই আর বই। চলবে বই-সাগরে নিত্য শাহীস্নান।
সমস্ত অপেক্ষার শেষে ঢং ঢং ঢং ঘন্টাধ্বনিতে মঙ্গলবার মেলার উদ্বোধন হয়ে গেল। ইতিমধ্যেই নতুন বইয়ের গন্ধে ভরে উঠতে শুরু করেছে সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণ। শুধু রাতটুকুর অপেক্ষা। বুধবার থেকেই শুরু হবে অগুন্তি পাঠকের আনাগোনা। পূর্ণ হবে প্রিয় লেখকের সদ্য প্রকাশিত বইটি ছুঁয়ে দেখার, গন্ধ নেবার আকুলতা। প্রাঙ্গণের এখানে ওখানে জমে উঠবে আড্ডা, গিটারে, গানে, বাউলের সুরে ভরে উঠবে বাতাস। সেইসঙ্গে অস্থায়ী মঞ্চে বসবে কবিতা পাঠ, আলোচনা, নতুন বই প্রকাশের আসর।
এবারের মেলায় প্রকাশিত হচ্ছে নবীন কথাসাহিত্যিক বিনোদ ঘোষালের একগুচ্ছ বই। মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে ‘পারো নদীর পাড়ে’, অভিযান পাবলিশার্স থেকে ‘লকআপ কিম্বা রূপকথার গল্প’, বিভা পাবলিকেশন থেকে ‘গভীর জলের রহস্য’। পত্রভারতী থেকে প্রকাশিত হচ্ছে শ্রীজাত’র লেখা লিমেরিকের সংকলন, ‘লিমেরিক’। প্রতিভাস থেকে প্রকাশিত হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই ‘নিঃশর্ত ক্ষমা চাইছি’। এছাড়াও ভগীরথ মিশ্রের ভ্রমণকাহিনী ‘অপরূপা কুমায়ুন’, স্বপ্নময় চক্রবর্তীর ‘সব গল্প মেয়েদের’, সায়ন্তনী পুততুন্ডের ‘কৃষ্ণবেণী’, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ‘মায়া ভিলা’ মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত হচ্ছে।
বই আনকোরা হোক বা পুরোনো, তাতে যদি প্রিয় লেখকের অটোগ্রাফ থাকে, তাহলে সে-বই পাঠকের কাছে অ্যাসেট। তাই প্রতিবছরের মতোই প্রিয় লেখকের সদ্য প্রকাশিত বইটি পাঠকের হাতে তুলে দেওয়া, তাতে অটোগ্রাফ নেওয়ার আয়োজন করা থেকে শুরু করে নতুন পাঠক ও নতুন লেখককে মুখোমুখি এনে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্বও পালন করবে এবারের বইমেলা। হয়ে উঠবে লেখক ও পাঠকের প্রকৃত মিলন মেলা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news