ভাস্কর মান্না:
সরকারী সাহায্য ছাড়া টেলিভিশন, চলচ্চিত্র, ও যাত্রার বিভিন্ন কলাকুশলী ও শিল্পীদের সম্মান প্রদান করল ‘বঙ্গপ্রয়াস’। এই প্রথম ‘বঙ্গপ্রয়াসে’র উদ্যোগে ‘শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মানে’ সম্মাননা জানানো হয় বাংলার কৃতী শিল্পীদের।

একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিপত্য কায়েম করত তৃণমূল। লোকসভা ভোটের পর সেখানের রাজনীতিতে প্রবেশ করেছে বিজেপি। তবে তাও আবার হয়েছে মুকুল রায়ের হাত ধরে। শনিবার ‘বঙ্গীয় সম্মানে’র মঞ্চে তারই প্রতিচ্ছবি উঠে এল। খাতায় কলমে কোনো রাজনীতির মঞ্চ নয়। কিন্তু এই মঞ্চে দেখা গেল বিজেপি নেতাদেরই আধিপত্য। কখনও দেখা গেল বিজেপির রাজ্য নেতাদের এক মঞ্চে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন। আবার কখনও দেখা গেল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষণ বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গান। অন্যদিকে, টলি শিল্পীদের মঞ্চে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়কে দেওয়া হল সংবর্ধনা।

সঞ্চালকের ভূমিকায় বিশ্বনাথ চক্রবর্তী ও সায়নী ঘোষের জুটি আসর জমিয়ে রেখেছিল। তাঁদের সঙ্গে কখনও কখনও তাল মিলিয়েছিল কৈলাসও। সঙ্গে মঞ্চটিকে সঙ্গীতময় করে তুলেছিল ওস্তাদ রশিদ খানের গান। এছাড়া জোজো, বাবুল সুপ্রিয় ও রাঘব চট্টোপাধ্যায়ের গান এক সুর মূর্ছনায় নিয়ে গিয়েছিল ‘বঙ্গীয় সম্মানে’র অনুষ্ঠানকে। পাশাপাশি প্রথমবারের জন্য ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও কল্যাণ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের হাতে ‘স্পেশাল অ্যাওয়ার্ড’ তুলে দেন মুকুল রায়।

এই অনুষ্ঠানটির পুরোধা দায়িত্বে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। তবে পরিকল্পনাটি ছিল বিজেপি নেতা মুকুল রায়েরই। তাঁর হাত ধরেই প্রথমে টলি পাড়ায় প্রবেশ করেছে বিজেপি। তারপর টলি তারকাদের নিয়ে তৈরি হয়েছে সংগঠন। সবমিলিয়ে মুকুল রায়ের জন্যই এখন টলিউডে তৃণমূলকে সমান টক্কর দিচ্ছে বিজেপি। তবে এই সম্মান প্রদান ঘিরে অন্য রহস্য দেখছে মুকুল ঘনিষ্ঠরা। তাঁদের মতে, এক ঢিলে দুই পাখি মারলেন মুকুল রায়। যেমন, এতদিন যারা বিজেপিকে বাংলা বিরোধী পার্টি বলত, তাদের কাছে বাংলার শিল্প, সাহিত্য, সিনেমা তুলে ধরে ‘বঙ্গীয় সম্মানে’র মঞ্চ একটি বার্তা নিয়ে গেল। অন্যদিকে, ‘বঙ্গীয় সম্মান’ প্রদানের মাধ্যমে টলিউডের তারকারা আরও ঘনিষ্ঠ হল বিজেপির। ফলে মুকুল ম্যাজিক যে বিজেপির অন্দরে কাজ করছে তা বলাই যায়।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news