ওয়েব ডেস্ক:
বনগাঁ কার? ধোঁয়াশা কাটল না। বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ে একজিকিউটিভ অফিসারের বক্তব্যে ধন্দ বাড়ল। অন্যদিকে তৃণমূল ও বিজেপি দুই দলেরই দাবি, আস্থা ভোটে তারা জিতেছে। দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি দুই দলই। মঙ্গলবার বিকেলে পুর ভবন থেকে বেরিয়ে একজিকিউটিভ অফিসার গৌরাঙ্গ বিশ্বাস বলেন, আস্থা ভোট হয়েছে। কিন্তু তাতে কে জিতেছে, সে বিষয়ে মুখ খোলেননি তিনি। তাঁর বক্তব্য, কর্তৃপক্ষের কাছে জমা পড়বে রিপোর্ট।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই বনগাঁ পুরসভার আস্থাভোট নিয়ে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। বাইরে যখন বিজেপি কর্মীরা তাঁদের ২ কাউন্সিলরকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিক্ষোভ দেখাচ্ছে, তখন তৃণমূল দাবি করে, বিজেপি কাউন্সিলররা সময়মতো হাজির না হওয়ায় ভোটাভুটিতে জয়লাভ করেছে তারা। পরে বিজেপি দাবি করে, ১১ জন কাউন্সিলরের স্বাক্ষরসহ প্রস্তাব জমা দেওয়া হয়েছে একজিকিউটিভ আধিকারিকের কাছে। ফলে পুরসভার দখল করেছে তারা।
এদিকে এমন চাপানউতোরে রণক্ষেত্রের চেহারা নেয় পুরসভা চত্বর। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিকেলে পুরভবন থেকে একজিকিউটিভ অফিসার গৌরাঙ্গ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, নির্দিষ্ট সময় আস্থা ভোট হয়েছে। একটিই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে কেউ এসে আরেকটি প্রস্তাব দিয়ে গেলে আমার কিছু করার নেই। তবে ভোটাভুটিতে কারা জয়ী হয়েছে তা বলতে অস্বীকার করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news