চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল। বিরোধীদলের কোনও নেতা নন, ফিরহাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি অংশ।
ঘটনার সূত্রপাত, এ বছর মার্চ মাসে। সিআইটি রোডের বিদ্যাসাগর মঞ্চে বেশ কয়েকটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। বিগত ২৩ বছর ধরে সেখানে ব্যবসা চালিয়ে আসছেন প্রায় ৩০ জন।
অভিযোগ, আগাম কোনও নোটিশ ছাড়াই এই সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। ফলে বেকার হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের দফতরও রয়েছে সেখানে। সেইসব দফতরেও তালা ঝুলিয়েছে পুরসভা। শ্রমিক সংগঠনের এই দফতরগুলির মধ্যেই রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসও।
মার্চ মাস থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ কর্মসূচির পর কোনও কাজ না হওয়ায় এবার গলার সুর চড়িয়েছেন তৃণমূলেরই সিনিয়র ট্রেড ইউনিয়ন নেতা প্রমথেশ সেন।

প্রমথেশের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট বলছেন, কোনও রকম ক্ষতিপূরণ বা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, তাহলে কোন কার্যসিদ্ধি করতে মমতার নির্দেশ অগ্রাহ্য করছেন মেয়র?”
সিনিয়র এই শ্রমিক নেতার প্রশ্ন, “তাহলে কি বুঝতে হবে এই বিদ্যাসাগর মঞ্চকে কেন্দ্র করে কারও সঙ্গে কোনও আন্ডার টেবিল ডিল হয়েছে মেয়রের? না হলে কীসের এত তাড়াহুড়ো যে তালা দেওয়ার আগে নোটিশ জারি করার সময়টুকুও পাওয়া গেল না?”
প্রমথেশের দাবি, মেয়রকে চিঠি দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।

তাহলে অতঃকিম?
প্রায় ৩০ টি পরিবার এখন অভাবের সঙ্গে লড়াই করছে, আর এটা সম্ভব হয়েছে মেয়রের হঠকারী সিদ্ধান্তের জন্য। এমনটাই মনে করছে তৃণমূলের শ্রমিক সংগঠনের এই অংশটি। একই সঙ্গে তাদের ধারণা, এই সিদ্ধান্তের পিছনে কোনও অসাধু উদ্দেশ্য আছে। তাই প্রমথেশের কথায়, “অতঃপর অভিষেক।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে দেখা করার সময় পাওয়া গেলে, তাঁকে সব কথা খুলে জানাবেন বলে জানিয়েছেন প্রমথেশ। মেয়রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news