নীল রায়। ফোরাম ফর দুর্গোৎসবের তৃতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। গত দু’বছরের রক্তদাতার সঙখ্যাকে ছাপিয়ে এবছর এই শিবিরে রক্তদান করলেন ১৮০৬ জন। কলকাতার শারদোৎসবের ৩৭৬টি কমিটিকে নিয়ে গঠিত এই ফোরাম। তাদের মধ্যে ৩০০টি ক্লাব সংগঠন এই রক্তদান শিবিরের অংশ নেয় এদিন। ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, “আমরা যারা শারদোৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকি। তাদের একটি বড় দায়িত্ব সমাজের সেবা করা। রক্তের সংকট প্রসঙ্গে আমরা সবাই অবগত। তাই শুধুমাত্র নিজেদের উৎসবের আনন্দে আটকে না রেখে সামাজিক দায়িত্ববোধ থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।” প্রসঙ্গত, আর মাসখানেকের মধ্যেই ফোরাম ফর দুর্গোৎসবের সদস্যরা ব্যস্ত হয়ে পড়বেন নিজ নিজ পুজোকে শ্রেষ্ঠ প্রমাণ করার লড়াইয়ে। অথচ এদিন তাঁরাই পরস্পরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রতী হলেন রক্তদান শিবির সফল করতে। উদ্যোক্তাদের উৎসাহী করতে হাজির ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রাজ্যের যুব ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news