জয় ঘোষ।
মুখ্যমন্ত্রীর ২৫ হাজারের পাল্টা বিজেপির শারদ সম্মান! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন পুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে লোকসভায় হারানো হিন্দু ভোটব্যাঙ্ক ফেরৎ পাওয়ার চেষ্টা করছেন। তখন পুজো কমিটিগুলির মন জয় করতে “শারদ সম্মান”-য়ের কথা ঘোষণা করল বিজেপি-র দক্ষিণ কলকাতা জেলা কমিটি। এই পুরস্কারের পোশাকী নাম ‘বঙ্গ প্রয়াস’। এ প্রসঙ্গে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি মোহন রাও বলেন, “দক্ষিণ কলকাতার সাতটি পুজো কমিটিকে আমরা চিহ্নিত করেছি । এই তালিকায় বারোয়ারি ও আবাসনের পুজোও থাকবে।”
লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সন্তোষজনক ফলের পর রাজ্যের দুর্গাপুজোর রাজনৈতিক সমীকরণ অনেকটাই পালটে গিয়েছে ৷ কলকাতার ছোট-বড় একাধিক দুর্গাপুজো কমিটিতে এখন বিজেপি (BJP) নেতা-নেত্রীদের ভিড়। খোদ মুখ্যমন্ত্রীর এলাকার সংঘশ্রী পুজো কমিটিতেও বিজেপি নেতা সায়ন্তন বসুকে প্রথমে রাখা হয়েছিল৷ যদিও পরে তৃণমূলের চাপেই তাঁকে সরিয়ে নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু, হাল ছাড়েনি বিজেপি নেতৃত্ব ৷ ইতিমধ্যে, গোপনে বা প্রকাশ্যে বেশকিছু পুজো কমিটির রাশ হাতে নিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে বিজেপি সভাপতি অমিত শাহকে (Amit Shah) দিয়ে পুজোর উদ্বোধনের বন্দোবস্ত করেছেন মুকুল রায় – দিলীপ ঘোষরা। শারদোৎসবে জনসংযোগে উদ্বোধনের পাশাপাশি, শারদ সম্মানের কথা ঘোষণা করা হয়েছে।
“সেরা পুজো অর্চনা”, “পুজোর সেরা মহাভোগ”, “সেরা সন্ধ্যারতি” ও “সেরা সিঁদুর খেলা” বিভাগে পুরস্কার পাবে পুজো কমিটিগুলি৷ “শারদ সম্মান”-এর বিজয়ীরা নগদ অর্থ ছাড়াও পাবেন একটি ট্রফি । বারোয়ারি ও আবাসনের পুজো মিলিয়ে মোট ২২টি পুজো কমিটিকে সেরার সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। বিচারকের তালিকায় রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, অভিনেত্রী অঞ্জনা বসু, মৌমিতা গুপ্তা ও সৌরভ চক্রবর্তী । বিশেষ অতিথি বিচারক হিসেবে থাকবেন রন্তিদেব সেনগুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও দেবাঞ্জন নাগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news