চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলের শহীদ দিবসের পাল্টা বিজেপির প্রহসন দিবস। মঙ্গলবার ভার্চুয়াল শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস (TMC)। কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে কটাক্ষ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার অনেক রাতের দিকে একটি টুইট করেন তিনি। টুইটে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, “যুব কংগ্রেস কর্মীদের হত্যার প্রতিবাদে মমতা ব্যানার্জি দিবস পালন করে আসছেন। অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি ক্ষমতায় এসেছিলেন। আজ ক্ষমতায় এসে বামফ্রন্টের থেকেও বেশি স্বৈরাচারী ও অত্যাচারী হয়ে উঠেছেন। তাই একুশে জুলাই আমরা জেলায় জেলায় প্রহসন দিবস পালন করব।”
— Dilip Ghosh (Hindu Nationalist) (@DilipGhoshBJP) July 20, 2020
মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ একুশে জুলাই। আমরা আজ প্রহসন দিবস পালন করব।” দিলীপ ঘোষ নিজের বিতর্কিত মন্তব্যের জন্য গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি করোনা ভাইরাসের মোকাবিলা থেকে শুরু করে লকডাউন ও আমফান ঘূর্ণিঝড় নিয়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সেই সুযোগে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এদিনও সেই ঝাঁজ বজায় রাখলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষের এই কটাক্ষের জবাব দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের আবেগ বুঝতে পারবেন না। কারণ হাজার ১৯৯৩ সালের রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের জন্ম হয়নি। বামফ্রন্টের নেতৃত্বাধীন সিপিএমের অত্যাচারী স্বরূপ ঘোষ দেখেননি তাই তার কথা আমাদের কাছে বালখিল্যতা ছাড়া কিছু নয়।”
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের কাছে বৃহৎ মঞ্চ। সেই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো দলের নেতাকর্মীদের আগামীদিনের লড়াইয়ের বার্তা দিতে পারেন। কিন্তু বিজেপি নেতৃত্ব চাইছে এই কর্মসূচিতেই পাল্টা কর্মসূচি দিয়ে জবাব দিতে। যেই কারণে এদিন দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করলে নজর থাকবে রাজ্য বিজেপি নেতৃত্বের। বক্তৃতা শেষ হওয়ার পর রাজ্যজুড়ে প্রহসন দিবস পালন করবেন বিজেপি কর্মীরা। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করবেন মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news