ওয়েব ডেস্ক:
বিজেপির মহিলা মোর্চার সদস্যদের নির্মম ভাবে টেনে হিঁচড়ে সরাল পুলিশ। কাটমানি ইস্যুতে বিজেপির বিক্ষোভে চরম উত্তেজনা দেখা দিল নবান্ন চত্ত্বরে। বৃহস্পতিবার সকালে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা নবান্নের সামনে জমায়েত হন। বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। তখনই মহিলা পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে এলাকা থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ।

প্রসঙ্গত, কাটমানির ইস্যু ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই সূত্রেই এদিন সকালে নবান্নের সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। ঘোষিত কর্মসূচি হওয়ায় পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল। এদিকে হঠাৎই নবান্নের সামনে চলে আসে মহিলা মোর্চার দলটি। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপর দলীয় পতাকা বার করে বসে পড়ে বিক্ষোভ দেখান।
উপস্থিত পুলিশকর্মীরা তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন তখন। বেশ কয়েকজনকে আটক করা হয়। তাঁদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে এই আশঙ্কায় নবান্নের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news