চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) মৃত্যুকে আত্মহত্যা প্রমাণে মরিয়া পুলিশ প্রশাসন। মঙ্গলবার নবান্নে ময়নাতদন্তের রিপোর্ট উদ্ধৃত করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব (Home Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট দেখে রাজ্য পুলিশ মনে করছে ঘটনাটি একটি সম্ভাব্য আত্মহত্যার ঘটনা।’’ সোমবার রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয় ৬৫ বছরের বিধায়কের। ময়নাতদন্ত করেন সেখানকার ফরেনসিক সায়েন্স বিভাগের চিকিৎসক জয়দীপ খান। ময়নাতদন্তে বলা হয়েছে, গলায় ফাঁস দিয়ে ঝুলেই মৃত্যু হয়েছে দেবেন্দ্রনাথের। চিকিৎসার পরিভাষায় ‘অ্যান্টি মর্টেম’ অর্থাৎ জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানো হয়।
ময়নাতদন্তের আগেই রাজ্য পুলিশের দাবি করেছিল যে দেবেন্দ্রনাথ রায়ের পকেট থেকে মিলেছে সুইসাইড নোট। যেখানে তিনি দু’জনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন। রাজ্য পুলিশের সেই দাবিকেই সিলমোহর দিল ময়নাতদন্তের রিপোর্ট। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছি। তা থেকে বোঝা যাচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। পরবর্তী তদন্ত চলছে।’’ ঘটনাচক্রে, মৃত্যুর পর যখন বিজেপি (BJP) নেতৃত্ব এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিল, তখন সেই দাবিকে উড়িয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন এই ঘটনা আত্মহত্যার। তাই সিবিআই (CBI) তদন্তের প্রয়োজন নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news