চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
পিকের স্যারের নতুন নির্দেশ তৃণমূলের নীচুতলার নেতাদের। যেনতেন প্রকারেণ এলাকার বিজেপি (BJP) কর্মীদের তৃণমূলে যোগদান করাতে হবে। আর এমন নির্দেশের পর, ঘোর বিড়ম্বনায় পড়েছেন তৃণমূলের (TMC) নিচুতলার নেতাকর্মীরা। কারণ, দুদিন আগে পর্যন্ত এলাকায় যাদের সঙ্গে লাঠালাঠি করেছেন, তাদেরই কিনা জামাই আদর দিয়ে বরণ করে ঘরে তুলতে নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashanta Kishor)। আইপ্যাকের সদস্যরা নিয়মিত ফোন করে নিচুতলার নেতাদের কান ঝালাপালা করে দিচ্ছে যোগদান করানোর জন্য। বলা হচ্ছে, কবে কাদের যোগদান করাবেন আমাদের জানান। যোগদানের সময় আমরা পৌঁছে যাব। ইতিমধ্যে যোগদানের কাজকর্ম শুরু করে দিয়েছেন তৃণমূলের নিচুতলার কর্মীরা।
গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবীর। ২০১৩ সালে তৃণমূল থেকে বহিষ্কারের পর তাঁকে আর দলে ফেরাতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো। কিন্তু প্রশান্ত কিশোরের পরামর্শে সেই হুমায়ুন কবীরকেও দলে ফিরিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হুমায়ুনের নামে এলার্জি থাকায়, কলকাতার বদলে বহরমপুরে স্থানীয় নেতাদের হাত ধরেই পুরোনো দলে ফিরতে হয়েছে তাঁকে। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি ও সহ সভাপতি কেউ ঢাকঢোল পিটিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। সূত্রের খবর, নীচুতলায় বিজেপি ভেঙে পড়ছে, তেমনটা জনসমক্ষে ও তৃণমূল নেতৃত্বকে দেখাতে চাইছেন প্রশান্ত কিশোর। এমনটা করে রাজ্য বিজেপি নেতৃত্বকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছেন তিনি।
তবে দলের রাজনৈতিক পরামর্শদাতার এমন কৌশলকে মন থেকে মেনে নিতে পারছেন না জেলা থেকে ব্লক স্তরের নেতারা। জেলা স্তরের এক নেতার কথায়, “প্রশান্ত কিশোরের ছেলেপিলেরা আমাদের ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। বিজেপি থেকে যোগদান করাতেই হবে। যদি আসতে না চায় তাঁকেও জোর করে আমাদের দলে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এই ধরনের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েত ভোটে ভুল হয়েছে। যার ফল পেয়েছিলাম লোকসভায়। আবারও সেই একই কাণ্ডের পুনরাবৃত্তি হতে চলেছে। জোর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান হতে থাকলে আখেরে ক্ষতিই আমাদেরই।” তিনি আরও বলেছেন, “প্রশান্ত কিশোরের লোকজন আমাদের বলছে যোগদান পর্বের অনুষ্ঠান কবে তাদের জানাতে। তারা এসে অনুষ্ঠানের ছবি নিয়ে যাবেন। এভাবে চাপ দিলে হিতে বিপরীত হতে পারে, বেশি চাপ দিলে দলে থাকা কর্মীদেরই ফের বিজেপি থেকে তৃণমূলে যোগদান বলে চালিয়ে দেবেন নিচুতলার নেতারা। এভাবে পয়েন্ট বাড়ানো খেলা চলতে থাকলে নির্বাচনে আমাদের ফল ভুগতে হবেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news