জয় ঘোষ।
নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন। রাজ্যের ২৯৪ টি বিধানসভাতেই ঘুঁটি সাজাতে লোকসভাওয়াড়ি ৩ জন করে বিশেষ কমিটি তৈরি করল বিজেপি। আইসিসিআর প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে “গেরুয়া নক্সা” তৈরি করা হয়েছে। নতুন এই টিমে জায়গা করে নিলেন বর্ধমান দূর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া, বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ, হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
বিজেপির মোট ১৮ জন সাংসদের মধ্যে ১৬ জন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির ১৩ জন বিধায়ককে দায়িত্বে আনার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে ৪১ জন রাজ্য কমিটির সদস্যকেও নিয়ে আসা হয়েছে এই নতুন দায়িত্বে। তাই মোট ৭০ জনের বিশেষ কমিটি তৈরি করা হল। দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি দিল্লিতে মন্ত্রীসভার কাজে ব্যস্ত থাকায় তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে না।
কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে দায়িত্ব পেলেন?
আলিপুরদুয়ার ও কোচবিহার- বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও কোচবিহারের সাংসদ নীতিশ প্রামানিক।
বাঁকুড়া – পুরুলিয়া – বিজেপির সাধারন সম্পাদক সঞ্জয় সিং ও বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ।
দার্জিলিং – বিজেপির সহ সভাপতি রীতেশ তিওয়ারি।
বীরভূম- বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
বালুরঘাট- হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
হাওড়া ও হুগলি – বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
মেদিনীপুর ও ঝাড়্গ্রাম- বিজেপির সাধারণ সম্পাদক রথীন বসু।
কলকাতা উত্তর- দক্ষিণ লোকসভা কেন্দ্রে- বর্ধমান দূর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া।
এই কমিটির সদস্যরা কী কাজ করবেন?
১১-২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা প্রতি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজ খতিয়ে দেখবেন। মূলত, সেই বিধানসভায় সংগঠনের কী অবস্থা? কোনও গোষ্ঠী দ্বন্দ্ব আছে কি না? বিজেপির প্রতি বুথে কমিটি তৈরি হয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন। এক একটি লোকসভা কেন্দ্রে ১৫ দিন করে ঘুরেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সেই লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের রিপোর্ট তৈরি করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জমা দেবেন।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ বলেন, ” বিজেপি ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রস্তুতি শুরু করেছে। আমরা আমাদের সাংসদ ও বিধায়কদের নেতৃত্ব ৩ জন করে মোট ৭০ জন সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করেছে। এই টিম ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট আমরা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠাব।”
সাংগঠনিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news