নীল বণিক
শেষ পর্যন্ত তোষণ রাজনীতির নির্বাচনী মোকাবিলা করতে বঙ্গভূমিতেও হিন্দুত্বের ওপরই ভরসা রাখছে বিজেপি!
অন্তত উলুবেড়িয়া কেন্দ্রের উপনির্বাচনে তাঁদের প্রার্থী বাছাই নিয়ে যে প্রকার ভাবনা চিন্তা ও আলোচনার আভাস পাওয়া গেছে তা থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যেও বিজেপির হিন্দু মুখচ্ছবিটি উদ্ভাসিত হচ্ছে।
আপাতত যতদুর জানা গেছে তা থেকে এইটুকু পরিস্কার যে উলুবেড়িয়ার উপনির্বাচনে কট্টর হিন্দু মুখকেই প্রার্থী করতে চায় দিল্লির বিজেপি। এই ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে তাঁদের মনোভাবের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।
রোহিঙ্গা বা তিন তালাকের মত ইস্যুতে বিজেপি যেমন তাদের অবস্থানে অনড়, ঠিক তেমনই এই রাজ্যের মুসলিম সংগঠনগুলি, রোহিঙ্গা বা তিন তালাক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত। রোহিঙ্গা ইস্যুতে, এই শহরের বুকেই সংখ্যালঘু সংগঠনের ডাকা জনসভায় হিংসাত্মক বক্তব্য প্রচার করেও ছাড় পেয়ে যান বক্তা ও সভার সংগঠকরা। তিন তালাক ইস্যুতে শাসকদল রাস্তায় নামে এই ব্যবস্থা বহাল রাখার দাবিতে। নিছক ভোটের রাজনীতির প্রয়োজনেই শাসকদল এই ধরণের অবস্থান নিচ্ছে বলে মনে করছে বিজেপি ও সঙ্ঘ। এমতাবস্থায়, উলুবেড়িয়ায়, যেখানে ধুলাগড় অঞ্চলে কিছুদিন আগেই সাম্প্রদায়িক উত্তেজনা মাথা তুলেছিল, সেখানে হিন্দুত্বের লাইনকেই আপাতত সেরা লাইন মনে করছে বিজেপি। তারা মনে করছে মমতা সরকারের তোষণের রাজনীতি সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন করতে না পারলেও একপ্রকার সেন্টিমেন্টাল সমর্থন আদায় করতে সমর্থ হচ্ছে। উল্টোদিকে কোণঠাসা হয়ে পড়ছেন তাঁরাই যাঁদের ধর্মীয় পরিচয় হিন্দু। এবার সেই হিন্দু জনগোষ্ঠীর সমর্থনের কথা মাথায় রেখে হিন্দু ভোটকে নিজেদের দিকে টানতেই দলের কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনিতেই ধূলাগড় কাণ্ডের পর তৃণমূলের গায়ে যেমন সংখ্যালঘু তোষণের ছাপ পড়েছে, একইভাবে হিন্দু-বিরোধী তকমাও লেগেছে। অন্তত বিজেপির লাগাতার প্রচার শাসকদলের গায়ে এই তকমা লাগাতে সমর্থ হয়েছে বলেই মনে করছে রাজ্য বিজেপি। তাই উলুবেড়িয়া কেন্দ্রের উপনির্বাচনে এবার কোনও কট্টর হিন্দু মুখকে প্রার্থী করাই বিজেপির প্রথম পছন্দ। নির্বাচনে, ধূলাগড় কাণ্ড, বসিরহাট কাণ্ডের জন্য সরাসরি শাসকের তোষণ নীতিকে দায়ী করে প্রচারে ঝড় তুলতে চাইছেন বিজেপির নেতারা। এই কেন্দ্রে সরস্বতী পুজো নিয়ে পুলিশের লাঠি চার্জের ঘটনাও প্রচারে অানার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। মোটের উপর তৃণমূলকে হিন্দু-বিরোধী তকমা লাগিয়ে প্রচার করতে পারলেই ফল আসবে বলে রাজ্য বিজেপিকে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news