নীল বণিক:
অবশেষে রথযাত্রা নিয়ে বিজেপি-রাজ্য সরকার বৈঠকের জট কাটল। কয়েক দিন ধরেই বিজেপির রথযাত্রা কর্মসূচি ঠিক করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক নিয়ে চলছিল দড়ি টানাটানি। বুধবার তার যবনিকা পতন হল। বুধবার বিজেপির রাজ্য দফতরে রাজ্য সরকারের চিঠি পৌঁছাল।
বৃহস্পতিবার লালবাজারে রথযাত্রা কর্মসূচির নির্ঘন্ট ঠিক করা নিয়ে বিজেপির সঙ্গে বৈঠকের জন্য রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হল। রাজ্য সরকার বিজেপিকে জানিয়ে দিয়েছে, বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। আদালতের নির্দেশ মেনে বৈঠকে রাজ্যের পক্ষে স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বিজেপির তরফ থেকে দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার উপস্থিত থাকবেন বলে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে বিজেপি। এখন দেখার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত হতে চলা বৃহস্পতিবারের মেগা বৈঠকে রথযাত্রা কর্মসূচি নিয়ে আদৌ কোনও সমাধান সূত্রে বের হয় কিনা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই বৈঠকে রাজ্য সরকার ও রাজ্য বিজেপির মধ্যে একাধিক ইস্যুতে মতানৈক্য দেখা দেওয়ার সম্ভাবনা। ফলে এই বৈঠকে উভয়পক্ষের মধ্যে জোর স্নায়ূযুদ্ধ চলবে আশঙ্কা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news