ওয়েব ডেস্ক:
বীরভূমি ‘নকুলদানা’ হুঁশিয়ারি ছিলই। এবার সত্যি সত্যি দেখা যাচ্ছে সেখানে বিজেপি কর্মীরা দলের প্রচারে নেমে তৃণমূলের হাতে মার খাচ্ছে। স্থানীয় বিজেপি নেতা কর্মীদের অন্তত তেমনটাই অভিযোগ। মঙ্গলবার দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের বিভিন্ন এলাকায়। সংঘর্ষ হয় লোকপুর ও দুবরাজপুরে।
সূত্রের খবর, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে লোকপুর। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় পতাকা টাঙানোর সময় তৃণমূলের কর্মীরা তাঁদের বাধা দেয়। তাঁদের উপর চড়াও হয়। হামলার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যথারীতি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে আরও একটি ঘটনায় দেওয়াল লিখনের সময় তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগ গুরুতর। দেওয়াল লিখনের সময় তৃণমূলের বাইক বাহিনী এসে লুঠপাট আরম্ভ করে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার ১৪ জন আহত হয়েছেন বলে খবর।
আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাঁরা বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। এক্ষেত্রেও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ভোলা মিত্রর কথায়, “ঝামেলা হয়েছে শুনেছি। তবে আমাদের ছেলেরা করেনি। কে বা কারা ঝামেলা করেছে সে বলতে পারব না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news