নীল রায়।
বিধাননগরের পরবর্তী মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী নতুন মেয়রের নাম জানিয়ে দেন। বৈঠকে হাজির ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং মেয়র পরিষদ সদস্য দেবাশিস জানা। তৃণমূল সূত্রে বলা হয়েছে, খুব শিগগির কাউন্সিলরদের বৈঠক ডাকা হবে। সেখানে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকে মেয়র প্রার্থী হিসাবে কৃষ্ণা চক্রবর্তীর নাম সর্বসম্মত ভাবে প্রস্তাব করা হবে। তারপর আস্থা ভোটে জিতিয়ে আনা হবে কৃষ্ণাকে।
মেয়র পদ থেকে সব্যসাচী দত্তের পদত্যাগের পর বেশ কিছু নাম সংবাদমাধ্যমে ভেসে উঠেছিল। কৃষ্ণা চক্রবর্তী, তাপস চট্টোপাধ্যায় ও দেবাশীষ জানা ছিলেন মেয়র হওয়ার দৌড়ে। আচমকাই বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকেও এই দৌড়ে শামিল বলে ধরছিলেন। কিন্তু শেষমেশ দিদি তাঁর বিশ্বস্ত তথা পুরনো দিনের সঙ্গী কৃষ্ণা চক্রবর্তীর ওপরই আস্থা রাখলেন। হাজার ১৯৮৪ সালে যাদবপুরের সাংসদ হয়ে জনপ্রতিনিধির জীবন শুরু করা মমতার প্রথম দিনের সঙ্গী কৃষ্ণা। ৯০-এর দশকে কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হলে রাজনীতি থেকে কিছু সময় অবসর নিয়েছিলেন কৃষ্ণা। কিন্তু ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গঠনের পর থেকেই তৃণমূলে তিনি। এতদিন পর আনুগত্যের পুরস্কার পেলেন কৃষ্ণা চক্রবর্তী। যদিও এতদিন বিধাননগর পুর নিগমের চেয়ারপারসন পদে ছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news